
শেষ আপডেট: 11 February 2023 07:53
দ্য ওয়াল ব্যুরো: সোমবার ভয়ঙ্কর ভূমিকম্পের পর থেকেই ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে তুরস্ক (Turkey) এবং সিরিয়া। মৃত্যু হয়েছে কমপক্ষে ২৫ হাজারের কাছাকাছি মানুষের। ইতিমধ্যে ভারত-সহ একাধিক দেশ থেকে সাহায্য পাঠানো হয়েছে দু'দেশেই। জোরকদমে চলছে উদ্ধারকাজ। ওই দুর্ঘটনার চারদিন পর ধ্বংসস্তূপের ভিতর থেকে উদ্ধার হল ১৭ বছরের এক কিশোর (Teen)। কীভাবে এতগুলো ঘণ্টা চাপা পড়ে ওই অবস্থায় বেঁচে থাকল, বেরিয়ে এসে জানিয়েছে সে কথাও।
কিশোরকে উদ্ধারের পর সে এক সংবাদমাধ্যমে জানিয়েছে, যখন ওই ধ্বংসস্তূপে আটকেছিল তখন তেষ্টা মেটানোর জন্য নিজেই নিজের প্রস্রাব (Urine) পান করেছে। আর যখন খিদে পেয়েছে তখন নিজের ঘরের গাছপালা, ফুল খেয়েই বেঁচে থেকেছে। জানা গেছে, ওই কিশোরের নাম আদনান মহম্মদ করকুট। কমপক্ষে ৯৪ ঘণ্টা ওই ভাঙাচোরা স্তূপের ভিতরে আটকে ছিল সে।
এরপর আদনান জানায়, যখন ভূমিকম্প হচ্ছিল, তখন আমি নিজের ঘরেই ঘুমাচ্ছিলাম। গোটা বিল্ডিংটা ধসে পড়ে গেল আর আমিও তার তলায় চাপা পড়ে ভ্রূণের মতো কুঁকড়ে গেলাম। ওই অবস্থাতেই কাটিয়েছি এতগুলো ঘণ্টা। পরে যখন উদ্ধারকাজ শুরু হল, তখন আমি অনেক লোকজনের গলার স্বর শুনতে পাই। কিন্তু আমি ভাবছিলাম যে ওঁরা আমার আওয়াজ আদৌ শুনতে পাবে কিনা। তবে চারদিন পর অবশেষে আমি বেরিয়ে আসতে পেরেছি।
উল্লেখ্য, সোমবারের ওই ভয়াবহ ভূমিকম্পের পর কেটে গিয়েছে পাঁচদিন। ইতিমধ্যে দু'দেশ মিলিয়ে প্রায় ২৫ হাজার মানুষের মৃতদেহ উদ্ধার হয়েছে। এরমধ্যে সিংহভাগ মৃত্যুই হয়েছে তুরস্কে। এখনও চলছে উদ্ধারকাজ। তবে যারা ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছে, তাঁদের মধ্যে বেশিরভাগেরই বাঁচার আশা ক্ষীণ বলেই মনে করছে উদ্ধারকারী দল।
মৃত্যুপুরীতে জীবন! তুরস্কে ধ্বংসস্তূপের নীচ থেকে ৮ বছরের মেয়েকে উদ্ধার ভারতীয় টিমের