দ্য ওয়াল ব্যুরো : গত ২৭ থেকে ৩০ ডিসেম্বর পঞ্চায়েত ভোট হয়েছে তামিলনাড়ুতে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হল তার গণনা। কড়া নিরাপত্তায় রাজ্যে মোট ৩১৫ টি কেন্দ্রে ভোট গোনা হচ্ছে।
ভোট হয়েছে মোট ২৭ জেলায়। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে আরও ন’টি জেলা তৈরি করা হয়েছিল। সেখানে ভোট হয়নি। এবার ভোটে ইভিএম ব্যবহার করা হয়নি। তার বদলে ব্যবহৃত হয়েছে চার রঙ-এর ব্যালট পেপার। তামিলনাড়ু রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম দফায় ভোট পড়েছিল ৭৬.১৯ শতাংশ এবং দ্বিতীয় দফায় পড়েছিল ৭৭.৭৩ শতাংশ। মোট ৯১,৯৭৫ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২ লক্ষ ৩১ হাজার প্রার্থী। আসনগুলির মধ্যে আছে গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ড সদস্য, গ্রাম পঞ্চায়েতের সভাপতি এবং পঞ্চায়েত ইউনিয়নের ওয়ার্ড সদস্য।