
শেষ আপডেট: 20 December 2022 10:01
দ্য ওয়াল ব্যুরো: এক কোটি টাকা জরিমানা হল তাজমহল (Taj Mahal) কর্তৃপক্ষের! সম্পত্তি ও জল কর বাবদ এই টাকা ধার্য করেছে আগ্রা পুরনিগম। এমনকী বকেয়া কর দ্রুত মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।
কী আছে নোটিশে? জানা গেছে, ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবর্ষে সম্পত্তি ও জল কর বাবদ বকেয়া পড়েছে কোটি টাকার। সেই টাকা আগামী ১৫ দিনের মধ্যে না মেটালে সম্পত্তি 'বাজেয়াপ্ত' করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে তাজমহল কর্তৃপক্ষকে।
এমন ঘটনা ৩৭০ বছরের এই প্রথম। তাজমহল, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে পড়ে। আগ্রা পুরসভার নোটিস আসে আর্কিওলজিক্যাল সার্ভের কাছে। সেই নোটিস পেয়ে স্তম্ভিত তারা। আর্কিওলজিক্যাল সার্ভের এক কর্মকর্তা রাজকুমার প্যাটেল জানান, এই নোটিস হয়তো ভুলবশত এসেছে। আশা করি দ্রুত এর সংশোধন করা হবে।
সেই কর্মকর্তা সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, 'আমরা পুরসভার থেকে দু'টি নোটিস পাই। একটা সম্পত্তি কর সংক্রান্ত, দ্বিতীয়টা জল কর সংক্রান্ত। সেখানে ১২টি পয়েন্টের কথা উল্লেখ আছে। সবমিলিয়ে মোট ১ কোটি টাকা বকেয়ার দাবি জানানো হয়েছে।'
প্যাটেল আরও জানান, তাজমহলের মতো স্থাপত্যের ক্ষেত্রে এইসব কর ধার্য করা হয় না। অন্যান্য রাজ্যের মতো উত্তরপ্রদেশের আইনেও এইসব কর নেওয়ার উল্লেখ নেই। জল কর বাবদ যা উল্লেখ করা হয়েছে, তা অযৌক্তিক। আমরা কখনই জল বাণিজ্যিক কাজে ব্যবহার করি না।'
ফুটবল বিশ্বকাপ শেষ হতে মোদী বললেন, কবাডির মতো দেশীয় খেলার প্রসার চাই