
শুভেন্দু অধিকারী ও সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস।
শেষ আপডেট: 27 November 2024 16:44
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে সনাতন জাগরণ মঞ্চের অন্যতম মুখ সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে (Chinmoy Krishna Das Bramhachari) অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। না হলে এবার বাংলাদেশের ভিসা বাতিলের দাবিতে কেন্দ্রের কাছে আর্জি জানাবে বঙ্গ বিজেপি। একই সঙ্গে সোমবার থেকে সীমান্ত অবরোধের ডাকও দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন শুভেন্দুর নেতৃত্বে বিজেপি বিধায়করা বাংলাদেশ হাই কমিশনারের অফিস ঘেরাও করেছিলেন। সেখানেই একথা বলেন বিরোধী দলনেতা।
শুভেন্দু বলেন, "এর আগেও বাংলাদেশের অনেক সরকারকে দেখেছি। তবে এই রকমের ভারত বিরোধী আচরণ, হিন্দুদের ওপর নির্যাতন আগের কোনও সরকারকে করতে দেখিনি।"
বাংলাদেশে সনাতন জাগরণ মঞ্চের অন্যতম মুখ সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পাশে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, "উনি কোনও অন্যায় করেনি। মিথ্যে কেসে ফাঁসিয়েছে ইউনুসের তালিবান সরকার। তারই প্রতিবাদে বাংলাদেশ হাই কমিশনারের অফিসে দাবি জানিয়ে গেলাম।"
এরপরই শুভেন্দু বলেন, "প্রযোজনে ১ দিন অপেক্ষা করে ভিসা দফতরে যাব। কেন্দ্রকে বলব, এরকম চলতে থাকলে বাংলাদেশের ভিসা বন্ধ করে দিন। বাকিটা আমরা সীমান্তে বুঝে নেব।"
প্রসঙ্গত, কোটা বিরোধী আন্দোলনের জেরে চলতি বছরের এপ্রিল থেকে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। আন্দোলনের জেরে গত অগস্টে দেশ ছাড়তে বাধ্য হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই বাংলাদেশে গঠিত হয় ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বতী সরকার। সেই সরকারের বিরুদ্ধে সেদেশের হিন্দুদের ওপর অত্যাচারে অভিযোগ উঠেছে।
সম্প্রতি বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের অন্যতম মুখ সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করেছে ইউনুসের সরকার। এরপর থেকেই বিভিন্ন মহল থেকে বাংলাদেশের সরকারের প্রতি হিন্দুদের ওপর অত্যাচারের জোরাল অভিযোগ সামনে এসেছে। এবার এ প্রসঙ্গে কড়া বার্তা দিলেন শুভেন্দু।