
শুভেন্দু অধিকারী এবং রাজ্যপাল সি ভি আনন্দ বোস
শেষ আপডেট: 16 June 2024 21:30
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার 'বাধা' পেলেও রবিবার ভোট পরবর্তী 'সন্ত্রাসে আক্রান্ত'দের নিয়ে রাজভবনে গেলেন শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর অবশেষে দলীয় কর্মীদের নিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে কথা বললেন তিনি। অন্তত দুর্গাপুজো পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার আর্জি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা।
রবিবাসরীয় বিকেলে ১০৬ জন বিজেপি কর্মীকে নিয়ে রাজভবনে যান শুভেন্দু। রাজভবনের ভিতরে তাঁদের ‘আক্রান্ত’ কর্মীদের ছবি গলায় ছুলিয়ে রাখতে দেখা যায়। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ মাফিক এদিন শুভেন্দুর সঙ্গে থাকা পুরুষ এবং মহিলাদের রাজভবনে ঢোকানো হয়। রাজ্যপালের কাছে দলীয় কর্মীদের উপর হিংসার বিবরণ তুলে ধরেন শুভেন্দু। 'আক্রান্ত'-দের সঙ্গে কথা বলে রাজ্যপাল জানান, মোট ১০২৫টি অভিযোগ পেয়েছেন তিনি। সঙ্গে হুঁশিয়ারি দেন, 'শেষ দেখে ছাড়ব।'
এদিন সি ভি আনন্দ বোস বাংলাতেই বলেন, ‘‘কলকাতা হাইকোর্ট আশ্চর্য হয়েছ যে রাজ্যপাল গৃহবন্দি রয়েছেন। কারণ, যাঁদের উপর হিংসা হয়েছে, তাঁরা রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেননি। আমরা বাংলাকে হিংসামুক্ত করব। আমি নেতাজির নামে শপথ করে বলছি, রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দের নামে শপথ করে বলছি, শেষ পর্যন্ত লড়াই করব।’’ উল্লেখ্য, রাজ্যপালের এই বক্তব্য রাজভবন থেকে অডিও বার্তার মাধ্যমে আগেই জানানো হয়েছিল। আজ বিজেপি কর্মীদের উদ্দেশে আবারও সেই বার্তাই দিলেন বাংলার সাংবিধানিক প্রধান।
পরে এ ব্যাপারে একটি টুইটও করেন রাজ্যপাল।
— Raj Bhavan Kolkata (@BengalGovernor) June 16, 2024
শুভেন্দুর অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলেছে। সেই ইস্যুতেই বৃহস্পতিবার রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান শুভেন্দু। কিন্তু শেষ পর্যন্ত রাজভবনের ভিতরে ঢুকতে পারেননি তাঁরা। শুভেন্দুর অভিযোগ, পুলিশ তাঁদের বাধা দিয়েছে। দীর্ঘ সময় অপেক্ষা করে ফিরে যেতে বাধ্য হন তাঁরা। আদালতের হস্তক্ষেপেই অবশেষে রাজভবনে গিয়ে যাবতীয় অভিযোগের কথা জানিয়ে এলেন তিনি।