দ্য ওয়াল ব্যুরো : আগে ছিলেন গুগলের সিইও। ডিসেম্বর থেকে আলফাবেট কোম্পানিরও সিইও হয়েছেন। ২০২০ সালে তিনি দুই কোম্পানির শেয়ার হিসাবে পাবেন ২৪ কোটি ডলার। এছাড়া বাৎসরিক বেতন পাবেন ২০ লক্ষ ডলার।
শুক্রবার সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনে আলফাবেট জানায়, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে সুন্দর পিচাইকে বছরে ২০ লক্ষ ডলার দেওয়া হবে। গুগলের পাশাপাশি আলফাবেটের দায়িত্ব নেওয়ায় তাঁর বেতন বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার তিনি ৯ কোটি ডলারের শেয়ার পেয়েছেন। এর আগে তিনি ১২ কোটি ও ৩ কোটি ডলারের শেয়ার পেয়েছেন।
গুগলের দুই প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন ডিসেম্বরের শুরুতেই জানিয়েছেন, তাঁরা আর কোম্পানিতে আগের পদে থাকতে চান না। তবে গুগলের সঙ্গে তাঁদের সম্পর্ক থাকবে।
সুন্দর পিচাই ২০০৪ সালে গুগলে যোগ দেন। গুগল টুলবার ও গুগল ক্রোমের উন্নয়নে বিশেষ সাহায্য করেন। গুগল হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার। ২০১৫ সালের অগাস্টে সুন্দর পিচাই গুগলের সিইও হন।
২০১৭ সালের জুলাইয়ে তিনি আলফাবেটে যোগ দেন। তাঁর আমলে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সকে ব্যবহার করে গুগলের নানা প্রোডাক্ট ও পরিষেবার উন্নতি ঘটানো হয়।
সুন্দর পিচাই বড় হয়েছেন চেন্নাইতে। পরে আইআইটিতে পড়াশোনা করেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছিলেন। এমবিএ পেয়েছেন হোয়ার্টন স্কুল থেকে।