তা না হলে আন্দোলন আরও ভয়ঙ্কর আকার নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারারা।

গ্রাফিক্স- দ্য ওয়াল।
শেষ আপডেট: 15 May 2025 13:48
দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) দেড় ঘণ্টা সময় বেঁধে দিলেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা (SSC Jobless teachers )।
এদিন দুপুর সওয়া একটা নাগাদ বিকাশ ভবনের বিক্ষোভ অবস্থান থেকে চাকরিহারারা জানিয়ে দিলেন, দেড় ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রী বা তাঁর কোনও প্রতিনিধিকে বিকাশ ভবনে হাজির হয়ে যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে হবে। তা না হলে আন্দোলন আরও ভয়ঙ্কর আকার নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারারা।
অবিলম্বে যোগ্যদের তালিকা (SSC Eligible unemployed teachers ) প্রকাশ করতে হবে এবং চাকরি দিয়ে টাকা পাওয়া অযোগ্যদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, এই দাবিতে গত ৯দিন ধরে বিকাশ ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান করছেন এসএসসি ২০১৬ প্যানেলের যোগ্য চাকরিহারা অধিকার মঞ্চের শিক্ষকরা।
এদিন আচমকা তাঁদের অভিযানের জেরে অপ্রস্তুত হয়ে পড়ে পুলিশও। দ্রুত পুলিশের তরফে বিকাশভবনের সামনে ব্যারিকেড তৈরি করা হয়। লোহার প্রধান ফটক লাগিয়েও দেওয়া হয়। বাইরে তখন হাজার হাজার চাকরিহারা যোগ্য শিক্ষক, শিক্ষিকা। তাঁদের হাতের প্ল্যাকার্ডে লেখা, "চোরেদের বিচার চায়, আমাদের চাকরি ফেরত চায়!"
এরপরই প্রথমে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পরে পুলিশকে হঠিয়ে গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন চাকরিহারা যোগ্য শিক্ষকরা। সবমিলিয়ে এদিন বেলা ১২টা থেকে বিকাশভবন চত্বরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়।
এসএসসির চাকরিহারা গ্রুপ সি, গ্রুপ ডি শিক্ষাকর্মীদের মাসিক ভাতা বিলির কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে অনুমোদনও পাশ হয়। তারপরই নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রুপ সি কর্মীদের মাসিক ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীদের মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।
রাজ্যের এই সিদ্ধান্ত সামনে আসার পরই এদিন বিকাশভবন অভিযানে নামার সিদ্ধান্ত নেন চাকরিহারা যোগ্য শিক্ষকদের অধিকার মঞ্চ। তাঁদের একাংশের অভিযোগ, রাজ্য যোগ্যদের তালিকা প্রকাশের পরিবর্তে অযোগ্যদের আড়াল করতে চাইছে। এরপরই বিকাশ ভবনের সামনের অবস্থান থেকে মুখ্যমন্ত্রীকে ডেডলাইন বেঁধে দিয়েছেন চাকরিহারারা।
চাকরিহারা যোগ্য শিক্ষকদের এই অভিযান বা তাঁদের দাবি প্রসঙ্গে এদিন শিক্ষামন্ত্রী বা শিক্ষা দফতরের কোনও কর্তা বা মুখ্যমন্ত্রীর দফতরের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে।