
শেষ আপডেট: 11 December 2023 20:53
দ্য ওয়াল ব্যুরো: লোকাল ট্রেনের সিটে বসে রয়েছেন আপনি। সামনে দাঁড়িয়ে সহযাত্রী। ট্রেনের সিটের নীচ থেকে থাকা বাক্স থেকে ভেসে আসছে হিস্ হিস্ শব্দ! একবার কল্পনা করে দেখুন। কেমন অবস্থা হতে পারে আপনার?
রবিবার রাত ১১টা নাগাদ এমনই ঘটনা ঘটেছে বজবজ লোকালে। ট্রেন শিয়ালদহ স্টেশনে ঢুকতেই দেখা যায়, পড়িমড়ি করে কামরা থেকে নেমে দৌড়চ্ছেন যাত্রীরা। খবর পেয়ে রেল পুলিশ সংশ্লিষ্ট বজবজ লোকালের কামরার সিটের নীচ থেকে বাঁশের ৬টি বাক্স উদ্ধার করেন। যার প্রতিটিতে ছিল একটি করে পেল্লাই সাইজের গোখরো সাপ। সুন্দরবন থেকেই এই বিষধর সাপ পাচার করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে অনুমান রেলের।
ঘটনা প্রকাশ্যে আসতে শোরগোল পড়ে গিয়েছে রেলযাত্রীদের মধ্যে। সোমবারও দিনভর যাত্রীদের মধ্যে দেখা গেল সেই আতঙ্কের ছবি। শুধু বজবজ লোকাল নয়, সুন্দরবনের দিক থেকে আসা একাধিক লোকাল ট্রেনের যাত্রীরা এদিন ট্রেনের সিটে বসার আগে ইতি উতি উঁকি মেরে দেখে নিলেন, তলায় কোনও বাক্স রয়েছে কি না!
আরপিএফ সূত্রের খবর, বজবজ লোকালের একটি কামরার সিটের নীচে একটি নীল ব্যাগের ভিতরে বাঁশের ওই ৬টি বাক্স ছিল। যাত্রীদের কাছ থেকে খবর পেয়ে রেলকর্মীরা ওই ব্যাগের চেন খুলতেই চমকে ওঠেন। বাঁশের ছটি বাক্স। সেখান থেকে ক্রমাগত ভেসে আসছিল হিস হিস শব্দ। আরপিএফ সূত্রের খবর, প্রতিটি বাক্সের ভেতরে ছিল পেল্লায় সাইজের গোখরো সাপ!
রেল পুলিশের অনুমান, সংশ্লিষ্ট কামরাতেই যাত্রীদের ভিড়ে মিশে ছিল সাপ পাচারকারীরা। বিষয়টি প্রকাশ্যে চলে আসায় তারা গা ঢাকা দিয়েছিল। তবে পাচারের উদ্দেশেই ট্রেনের সিটের নীচে বিষাক্ত গোখরো রাখা হয়েছিল নাকি ভয় দেখিয়ে যাত্রী সাধারণের টাকা লুঠের জন্য সাপ আনা হয়েছিল, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
রেল সূত্রে জানা গেছে, সম্প্রতি হাওড়া-ঝাড়খণ্ডের একটি ট্রেনে সাপ দেখিয়ে লুঠপাটের ঘটনা ঘটেছিল। তাই এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না রেল পুলিশ। তাঁরা জানিয়েছেন, সম্ভাব্য সবদিকই খতিয়ে দেখা হচ্ছে।