
সুপ্তি পান্ডে এবং শ্রেয়া পান্ডে
শেষ আপডেট: 13 June 2024 17:22
দ্য ওয়াল ব্যুরো: মানিকতলায় আগামী ১০ জুলাই উপনির্বাচন। তৃণমূল কংগ্রেসের তরফে এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পান্ডেকে। যদিও অনেকেই ভেবেছিলেন যে সাধনের মেয়ে শ্রেয়া প্রার্থী হতে পারেন কারণ ওই এলাকায় তাঁকে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা নিতে দেখা গেছে। তবে শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সহপাঠী শ্রেয়ার মা সুপ্তি পান্ডেকেই প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন।
গোটা তৃণমূল শিবির জানত, বাবার ছেড়ে যাওয়া বিধানসভা আসনে প্রার্থী হতে প্রবল আগ্রহী ছিলেন মেয়ে শ্রেয়া। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের পর শ্রেয়া হতাশ হবেন না বিদ্রোহী হয়ে উঠবেন, এই নিয়েও জল্পনা শুরু হয়। তবে যাবতীয় কৌতূহলের অবসান ঘটিয়েছেন শ্রেয়া নিজেই। সোশ্যাল মিডিয়ায় মা সুপ্তি পান্ডের উদ্দেশে বিশেষ পোস্ট করেন তিনি। পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরেও শ্রেয়া স্পষ্ট করেছেন, মায়ের জন্য তিনি কতটা খুশি।
মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে শ্রেয়া লিখেছেন, ''আজ বাবা থাকলে ভীষণ গর্ববোধ করতেন।'' বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সামনেও তাঁর স্পষ্ট বক্তব্য, মায়ের জন্য তিনি গর্বিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে তিনি তাঁর মায়ের নাম ছাড়া আর কোনও নাম শোনেননি। তাই এই সিদ্ধান্ত তাঁর কাছে খুব অবাক করার মতো ছিল না। শ্রেয়া এও দাবি করেছেন, তাঁর বাবার থেকেই মা রাজনীতির শিক্ষা পেয়েছেন। তাই তিনি আশাবাদী, মা ভাল কাজ করতে পারবেন।
এতএব, মানিকতলার তৃণমূল প্রার্থী বাছাইয়ের পর থেকে মায়ের সঙ্গে মেয়ের সম্পর্ক নিয়ে যে কাটাছেঁড়া শুরু হয়েছিল, তারই অবসান ঘটিয়ে দিলেন খোদ শ্রেয়াই। বুঝিয়ে দিলেন, মায়ের জন্য ভোটের প্রচার থেকে শুরু করে, দলের হয়ে কাজ করা, কোনও কিছুতেই তিনি ঘাটতি রাখবেন না।
আসলে কলেজে পড়ার সময়ে সুপ্তি পান্ডে মমতার সহপাঠী ছিলেন। তাঁর সঙ্গে মমতার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভাল। দ্য ওয়াল-কে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে সুপ্তি পান্ডে নিজেই জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো তাঁকে কোনওদিন ক্যাবিনেট মন্ত্রীর স্ত্রী হিসেবে দেখেননি, বরাবর বন্ধু হিসেবেই দেখেছেন। তাঁদের বন্ধুত্বের কিছু আন্তরিক মুহূর্তও তিনি ভাগ করে নিয়েছেন দ্য ওয়াল-এর সাংবাদিকের সঙ্গে।