দ্য ওয়াল ব্যুরো : এইচডিএফসি, আইটিসি ও হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড। এই তিনটি কোম্পানির ওপরে ভর করে শুক্রবার উর্ধ্বমুখী হল সেনসেক্স। করোনা অতিমহামারীর জেরে মন্দার ছায়া পড়েছে বিশ্ববাজারে। তারপরেও এই নিয়ে পর পর তিনদিন উঠল শেয়ার সূচক। এদিন সেনসেক্স উঠেছে ২২৪ পয়েন্ট। অপর শেয়ার সূচক নিফটিও উঠেছে ৯০.২০ পয়েন্ট।
শুক্রবার সেনসেক্স পৌঁছেছে ৩২৪২৪.১০-এর ঘরে। নিফটি পৌঁছেছে ৯৫৮০.৩০-এর ঘরে। সেনসেক্সে নথিভুক্ত শেয়ারগুলির মধ্যে সবেচেয়ে বেশি দাম বেড়েছে ওএনজিসি-র শেয়ারের। তার মূল্য বেড়েছে পাঁচ শতাংশ। এছাড়া বাজাজ অটো, আইটিসি, সান ফার্মা, নেসলে ইন্ডিয়া, লার্সেন অ্যান্ড টুব্রো, মারুতি, আলট্রাটেক সিমেন্ট ও হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের শেয়ারের দাম বেড়েছে। অন্যদিকে যে শেয়ারগুলির দাম কমেছে, তাদের মধ্যে আছে ইনফোসিস, অ্যাক্সিস ব্যাঙ্ক, ভারতী এয়ারটেল, টিসিএস এবং টাইটান।
গত কয়েকদিনে বিদেশি বিনিয়োগকারীরা ভারতের বাজারে বিনিয়োগ করেছেন। তার ফলে আত্মবিশ্বাসী হয়েছেন দেশীয় বিনিয়োগকারীরাও। বৃহস্পতিবার ফরেন পোর্টফোলিও ইনভেস্টাররা ভারতের বাজার থেকে ২৩৫৪.১৪ কোটি টাকার শেয়ার কিনেছেন। এর পাশাপাশি শুক্রবার বাজারে কিছু পরিমাণে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। কারণ বৃহস্পতিবার ভারতে কোভিড ১৯ রোগীর সংখ্যা বেড়েছে ৭৪৬৬ জন। এযাবৎকালের মধ্যে একদিনে সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এদিন। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লক্ষ ৬৫ হাজার। মৃতের সংখ্যা ৪৭০৬। বিশ্ব জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৫৮ লক্ষ ১০ হাজার। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩ লক্ষ ৬০ হাজার।
অতিমহামারীর প্রেক্ষিতে হংকং ও টোকিও-র শেয়ার বাজারে সূচক নেমেছে ব্যাপক হারে। সাংহাই ও সিওলে উঠেছে শেয়ার সূচক। ইউরোপের বিভিন্ন দেশে শেয়ার সূচক নেমেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ২.৩৩ শতাংশ কমে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে ৩৫.১৯ ডলার।