
গঙ্গাধর কয়াল এবং সিবিআইকে পাঠানো চিঠি।
শেষ আপডেট: 5 May 2024 08:39
দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকাল থেকে সন্দেশখালির একটি স্টিং অপারেশনের ভিডিও ঘিরে শোরগোল রাজ্য রাজনীততে। যদিও দ্য ওয়াল ওই ভিডিও-র সত্যতা যাচাই করেনি।
ভাইরাল ওই ভিডিওয় দেখা গেছে, সন্দেশখালি ২ নম্বর ব্লকের বিজেপি সভাপতি গঙ্গাধর কয়াল স্বীকার করছেন, মহিলাদের ধর্ষণের ঘটনা পুরোটাই সাজানো। সেজন্য তাঁদের টাকা দিয়ে সাহায্য করেছেন শুভেন্দু অধিকারী।
বিকেলে গঙ্গাধরের সেই ভিডিও নিয়ে সাংবাদিক বৈঠক করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “একটা রাজনৈতিক দল এত নীচে নামতে পারে, এত নিকৃষ্ট হতে পারে কোনওদিন ভাবিনি। রাজ্য দখল করতে গিয়ে বাংলাকে ছোট করে দিয়েছে বিজেপি।" এ ব্যাপারে রাজ্য সরকারকে আদালতে যাওয়ার পরামর্শও দিয়েছেন অভিষেক।
এরপরই পাল্টা বিবৃতিতে সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধর কয়াল দাবি করেন, “ভিডিয়োটি চক্রান্ত। আইপ্যাক ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে মুখ ও গলার আওয়াজের বিকৃতি ঘটিয়ে এটা করেছে।"
পুরো ঘটনার সিবিআই তদন্তও চেয়েছেন গঙ্গাধর। আদালতের নির্দেশে সন্দেশখালির তদন্তে নেমে অভিযোগ জানানোর জন্য একটি ইমেল আইডি জনসাধারণের উদ্দেশে দিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। শনিবার রাতে ওই ইমেল আইডিতে অভিযোগ জানিয়েছেন গঙ্গাধর।
গঙ্গাধরের আরও অভিযোগ, "এমনভাবে ভিডিওটি বিকৃত করা হয়েছে, যেখানে ভিডিয়ো ক্লিপের সঙ্গে লিপ মুভমেন্ট স্পষ্ট নয়। বোঝাই যাচ্ছে সম্মানহানি করতেই ইউটিউব চ্যানেল খুলে এই ভিডিয়ো আপলোড করা হয়েছে। সিবিআই তদন্ত করলে সবটা স্পষ্ট হয়ে যাবে।"