
শেষ আপডেট: 24 August 2023 04:42
দ্য ওয়াল ব্যুরো: ‘মঙ্গলে ঊষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা’- পুরনো সেই বচন মেনেই যেন বুধবার চাঁদের মাটিতে পা রেখেছে ইসরোর ‘চন্দ্রযান ৩’। বুধবার সন্ধে ৬টা ৪মিনিটে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছে ল্যান্ডার বিক্রম। এরপর মাঝে কেটে গিয়েছে প্রায় ১৪ ঘণ্টা। অবশেষে ভারতীয় সময় বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ তার পেট থেকে বেরিয়ে এল রোভার প্রজ্ঞান (Rover Pragyan)। যা এখন হেঁটে বেড়াচ্ছে চাঁদের (moon) মাটিতেই। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় এক্স হ্যান্ডলে পোস্ট করে এই কথা জানিয়েছে ইসরো।
আগামী ১৪ দিন সৌরশক্তির সাহায্যে চাঁদের মাটিতে ঘুরে বেড়াবে প্রজ্ঞান। বুধবার সন্ধেয় যখন চাঁদে বিক্রম ল্যান্ড করেছে, তখন সেখানে সবে ভোর। তাই আপাতত ১৪ দিন সেখানে দিনের আলো থাকবে। আর সেই সোলার পাওয়ারের উপর ভর করেই চাঁদে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করবে প্রজ্ঞান। যা সেখান থেকে পাঠিয়ে দেবে ল্যান্ডার বিক্রমকে। এবং বিক্রম সেই তথ্য পৌঁছে দেবে ইসরোর কাছে।

ইসরো সূত্রে জানা গিয়েছে, রোভার প্রজ্ঞানের ছ’টি চাকা। আর এই ছয়টি চাকায় ভর করে খুবই ধীরে ধীরে সে হাঁটাচলা করবে চাঁদের মাটিতে। ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রজ্ঞানের গতি খুবই কম। সেকেন্ডে মাত্র এক সেন্টিমিটার। গায়ে লাগানো রয়েছে একাধিক দিকনির্দেশক ক্যামেরা। এবং সেগুলি স্বয়ংক্রিয়। যেহেতু চাঁদের একবেলা পৃথিবীর ১৪ দিনের সমান, তাই আগামী ১৪ দিন ধরে সে সৌরশক্তির সাহায্যে একটানা কাজ করবে।
জানা গিয়েছে, প্রজ্ঞানের গায়ে যে ক্যামেরা লাগানো রয়েছে, তা দিয়েই চাঁদের মাটিতে অনুসন্ধান চালানো হবে। এছাড়াও তার মধ্যে একাধিক বৈদ্যুতিক যন্ত্রপাতি লাগানো রয়েছে। সেগুলির সাহায্যে চাঁদের মাটি খুঁড়ে তাতে কোন কোন খনিজ বস্তু আছে, সেসবই বিশ্লেষণ করে দেখা হবে। তারপর সেই বার্তা পাঠানো হবে রোভার বিক্রমে। যেখান থেকে সরাসরি চাঁদের তথ্য পেয়ে যাবে ইসরোর বিজ্ঞানীরা।
চাঁদে গ্যাঁট হয়ে দাঁড়িয়ে বিক্রম, ছায়া পড়ল চন্দ্রপৃষ্ঠে, মনের আনন্দে নিজেই নিজের ছবি তুলে পাঠাল