অবরোধে উত্তাল হয়ে উঠল হাওড়ার লিলুয়ার জগদীশপুর। শুক্রবার সকাল থেকে বেনারস রোডে অবস্থান-বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা।

চরম বিক্ষোভ
শেষ আপডেট: 1 August 2025 19:23
দ্য ওয়াল ব্যুরো: টানা বৃষ্টির জেরে চরম দুর্ভোগ। ঘরে ঘরে ঢুকছে জল, পাড়ার রাস্তা চলাচলের অযোগ্য। বারবার জানানো সত্ত্বেও কোনও সমাধান নেই। এই পরিস্থিতিতে অবরোধে উত্তাল হয়ে উঠল হাওড়ার লিলুয়ার (Howrah Liluah) জগদীশপুর। শুক্রবার সকাল থেকে বেনারস রোডে অবস্থান-বিক্ষোভে (Road Blockage) সামিল হন স্থানীয় বাসিন্দারা।
জগদীশপুরের দেবীর পাড়া এলাকায় দীর্ঘদিন ধরেই জল জমার সমস্যা রয়েছে বলে অভিযোগ। বাসিন্দাদের দাবি, ঘরে জল ঢুকে পড়ায় তাঁরা কার্যত গৃহবন্দি। স্কুল, অফিস, বাজার, কিছুই সম্ভব হচ্ছে না। বারবার প্রশাসন এবং গ্রাম পঞ্চায়েতকে জানানো সত্ত্বেও কোনও স্থায়ী সমাধান হয়নি। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।
শুক্রবার সকালেই তাঁরা বেনারস রোড অবরোধ করে বসেন। গুরুত্বপূর্ণ এই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় গোটা এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লিলুয়া থানার জগদীশপুর ফাঁড়ির পুলিশ।
অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই তা হাতাহাতির চেহারা নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হালকা লাঠিচার্জ করে ও কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, পুলিশের লাঠির ঘায়ে তাঁদের কয়েকজন আহত হয়েছেন।
প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে এই বিক্ষোভ বলে জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের বক্তব্য, টানা বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। এখনই ব্যবস্থা না নিলে এলাকায় রোগব্যাধি ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা করছেন তাঁরা।
বিক্ষোভের জেরে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য। প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।