দ্য ওয়াল ব্যুরো: রজনীকান্তের নতুন ছবি দেখার জন্য মুখিয়ে আছে তার ভক্তেরা। তার রিলিজ আটকে দেওয়া ঠিক নয়। এই বলে তামিল সুপারস্টারের নতুন ছবি 'কলা'-র মুক্তি পিছিয়ে দিতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট।
ছবির রিলিজ আটকে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন কে এস রাজশেখরন নামে এক ব্যক্তি। তাঁর দাবি, ছবিতে এমন কিছু দৃশ্য ও গান আছে, যাতে ভাঙা হয়েছে কপিরাইট আইন। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা সেই অভিযোগে বিশেষ গুরুত্ব দেননি।
এর পাশাপাশি কর্নাটক ফিল্ম চেম্বারস অব কমার্সও ভিন্ন কারণে রাজ্যে ছবিটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। গত মাসে রজনীকান্ত মন্তব্য করেন, কর্নাটকে যে সরকারই আসুক, তাদের তামিলনাড়ুকে কাবেরীর জল দেওয়া উচিত। কর্নাটকে এই মন্তব্যের ব্যাপক প্রতিক্রিয়া হয়। তখনই নানা মহল থেকে দাবি ওঠে, রাজ্যে রজনীকান্তের নতুন ছবিটি যেন না দেখানো হয়।