
শেষ আপডেট: 21 August 2022 02:54
দ্য ওয়াল ব্যুরো: গণপিটুনির মতো ঘৃণ্য অপরাধ ঘটিয়ে ক্যামেরার সামনে নিজেকে নিয়ে বড়াই করলেন রাজস্থানের (Rajasthan) আলোয়ারের বিজেপি (BJP) নেতা জ্ঞানদেব আহুজা (Gyan Dev Ahuja)। রীতিমত গর্বের সুরে তাঁকে বলতে শোনা গেল, এতদিনে গণপিটুনি দিয়ে পাঁচজন মুসলিম ব্যক্তিকে মেরেছেন তিনি! এবার সেই ভিডিও টুইটারে শেয়ার করে মরুরাজ্যের গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ শানালেন সেখানকার প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি গোবিন্দ সিং দোতাসরা (Govind Singh Dotasra)।
উল্লেখ্য, রাজস্থানের আলোয়ারে গত কয়েক বছরে গোরক্ষার নামে একাধিকবার গণপিটুনির ঘটনা সামনে এসেছে। গরুর মাংস পাচার করা হচ্ছে, গরুর মাংস বিক্রি হচ্ছে- এমনই নানা অভিযোগে গণপিটুনির ঘটনা খবরের হেডলাইন হয়েছে। সেখানেই এবার একপ্রকার খুনেরই হুমকি দিলেন বিজেপির এই নেতা।
সেই ভিডিওতে বিজেপির প্রাক্তন বিধায়ক জ্ঞানদেব আহুজাকে বলতে শোনা গিয়েছে, 'এতদিন পর্যন্ত আমরা পাঁচজন মুসলিমকে পিটিয়ে মারতে পেরেছি। এই প্রথমবার ওরা আমাদের একজনকে মারল। ওদের (মুসলিমদের) মারার জন্য আমি দলের কর্মীদেরকে পুরোপুরি ছাড় দিয়ে রেখেছি। বলেছি, জামিন করানোর দায়িত্ব আমার।' এই ভিডিও প্রকাশ্যে আসতেই ঢি ঢি পড়ে গেছে। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর সমালোচনা।
ছেলে-মেয়ে একসঙ্গে ক্লাসে বসা বিপজ্জনক! দাবি কেরলের ইসলামিক সংগঠনের নেতার
ঘটনার সূত্রপাত গত রবিবার। ওই এলাকায় চিরঞ্জিলাল সাইনি নামের এক হিন্দু যুবককে চুরির অভিযোগে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠেছি স্থানীয় মুসলিম বাসিন্দাদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদেই ওই এলাকায় প্রতিবাদ সভার আয়োজন করেন হিন্দু সম্প্রদায়ের বাসিন্দারা। সেই সব চলাকালীনই ক্যামেরার সামনে রীতিমত আস্ফালন শুরু করেন জ্ঞানদেব আহুজা।
ভিডিওটি শেয়ার করে রাজস্থানের প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসরা লেখেন, 'এটাই বিজেপির আসল চেহারা। ধর্মের নামে সন্ত্রাস আর গুণ্ডামি করা আর রামের নামে কিংবা গোমাতার নামে মানুষ খুন করাই ওদের সংস্কৃতি। এই ভিডিওটাই তার সবথেকে বড় প্রমাণ।' যদিও বিজেপি দলের তরফ থেকেও এই ঘটনাকে সমর্থন করা হয়নি। স্বাভাবিকভাবেই গোটা ঘটনার দায় জ্ঞানদেবের উপরেই ছাপিয়েছে বিজেপি। দলের আলোয়ার জেলা সভাপতি বলেছেন, 'এই কথাগুলো আহুজার ব্যক্তিগত মত। দল এই ধরনের মন্তব্য সমর্থন করে না।'