
শেষ আপডেট: 13 October 2023 13:29
দ্য ওয়াল ব্যুরো: হাওড়া থেকে সাঁতরাগাছি রেল স্টেশনের মাঝে চতুর্থ লাইন চালুর দাবি ছিলই। এই দাবিতে মাধেমধ্যেই বিক্ষোভ দেখাতেন রেল যাত্রীরা। যাত্রীদের সেই দাবি মেনে আগামী বছরের মার্চের মধ্যেই চালু হতে চলেছে বহু প্রতীক্ষিত এই ফোর্থ লাইন। যার ফলে হাওড়া স্টেশন থেকে যাতায়াত করা পূর্ব রেল এবং দক্ষিণপূর্ব রেলের লোকাল ট্রেনগুলি নির্দিষ্ট সময়েই গন্তব্যে পৌঁছবে বলে মনে করা হচ্ছে।
দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অনিলকুমার মিশ্র বলেন, ‘দেশের অন্যতম ব্যস্ত স্টেশন হাওড়া। গুরুত্বপূর্ণ এই স্টেশনে সবসময় ট্রেনের চাপ থাকে। এদিকে অতিরিক্ত লাইন না থাকার ফলে অনেক লোকাল ট্রেনই গন্তব্যের কাছে এসেও সময়ে হাওড়ায় ঢুকতে পারত না। ট্রেন লেটের এই বিষয় নিয়ে যাত্রীদের কাছ থেকে নিত্যদিন অভিযোগ আসত। সমস্যা মেটাতে ফোর্থ লাইনের কাজ শুরু হয়েছে। আগামী বছরের মার্চের মধ্যেই ফোর্থ লাইন চালু হয়ে যাবে।“
যাত্রীদের উন্নত পরিষেবা দেওয়ার স্বার্থেই রেলের এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। রেল সূত্রে জা্নানো হয়েছে, সাঁতরাগাছি থেকে হাওড়া স্টেশন পর্যন্ত মাত্র তিনটি লাইন রয়েছে। পূর্ব রেলের পাশাপাশি সংশ্লিষ্ট লাইন দিয়ে দক্ষিণ পূর্ব রেলের ট্রেন চলাচল করে। ফলে নিত্যদিন সংশ্লিষ্ট লাইনে চাপ থাকে।দূরপাল্লার ট্রেনগুলিতে ঢোকার প্যাসেজ করে দিতে অধিকাংশ সময়ই একাধিক লোকাল ট্রেনকে হাওড়ায় ঢোকার মুখে দাঁড় করিয়ে রাখতে হয়। প্রস্তাবিত ‘ফোর্থ লাইন’ চালু হয়ে গেলে এই সমস্যা দূর হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। এজন্য সাঁতরাগাছিতে অতিরিক্ত ২টি প্লাটফর্মও তৈরি করা হচ্ছে।
রেলের এমন উদ্যোগের প্রশংসা করছেন রেলযাত্রীরা। তাঁদের কথায়, অতিরিক্ত লাইন না থাকার ফলে গন্তব্যের কাছে এসেও প্রতিদিন ২০-৩০ মিনিট ট্রেন লেট করে। অবশেষে দেরিতে হলেও এই সমস্যার হাত থেকে মিলবে রেহাই।