
শেষ আপডেট: 15 February 2023 06:06
দ্য ওয়াল ব্যুরো: বাল্যবিবাহের ক্ষেত্রে পকসো আইন প্রযোজ্য হবে কেন (POCSO charge on child marriage cases), এমনই প্রশ্ন তুলে মঙ্গলবার ৪টি আলাদা বাল্যবিবাহের মামলায় অভিযুক্তদের আগাম জামিন মঞ্জুর করল গুয়াহাটি হাইকোর্ট (Guwahati HC)।
নাবালক-নাবালিকার ক্ষেত্রে যৌন নির্যাতন অত্যন্ত গুরুতর অভিযোগ। কিন্তু বাল্য বিবাহের (child marriage) ক্ষেত্রে সেই আইনে মামলা রুজু করার আদৌ কি কোনও প্রয়োজন আছে, এমনটাই প্রশ্ন তুলেছেন বিচারপতিদের একটি বেঞ্চ। 'এগুলো যথেষ্ট গুরুতর অভিযোগ। আমরা কাউকে নির্দোষ দাবি করে মুক্তি দিয়ে দিচ্ছি না। কেউ আপনাদের (পুলিশ) তদন্ত করতে আটকাচ্ছে না,' দাবি বিচারপতিদের।
এদিন চারটি আলাদা মামলায় মোট ৯ জন অভিযুক্তের জামিন মঞ্জুর করেছে আদালত। ১৪ বছরেরও কম বয়সি মেয়েদের বিয়ে করার অভিযোগে তাদের গ্রেফতার করার পর তাদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছিল পুলিশ। এই আইন, যা মূলত নাবালক-নাবালিকার উপর যৌন নির্যাতনের ঘটনার ক্ষেত্রে প্রয়োগ করা হয়, বাল্যবিবাহের ক্ষেত্রে তা প্রয়োগ করার যৌক্তিকতা নিয়ে এদিন প্রশ্ন তোলে আদালত। অভিযুক্তদের গ্রেফতার করে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য সরকারপক্ষের আইনজীবীর দাবিও খারিজ করে দেন বিচারপতি সুমন শ্যাম। আদালতের পর্যবেক্ষণ, তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অভিযুক্তদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই।
'আপনারা আইন মেনে চার্জশিট দাখিল করুন, যদি সাজা হয় তো হবে। কিন্তু এতে মানুষের ব্যক্তিগত জীবনে অত্যন্ত সমস্যার সৃষ্টি হচ্ছে। বাড়ির লোকজন রয়েছে, বাচ্চারা রয়েছে, অন্যরাও রয়েছেন। বাল্যবিবাহ হয়তো ঠিক নয়, অবশ্যই খারাপ জিনিস, কিন্তু যখন সময় আসবে, তখন সেটা নিয়ে আমরা কথা বলব,' সরকারি আইনজীবীকে জানিয়েছে আদালত।
'এখানে বিষয়টা হল অভিযুক্তদের গ্রেফতার করে জেলে ঢোকানো হবে কিনা। আপনাদের তো জেলে জায়গা নেই, আরও বড় জেল তৈরি করুন,' সরকার পক্ষের আইনজীবীকে জানিয়েছেন বিচারপতি শ্যাম।
প্রসঙ্গত, নাবালক-নাবালিকাদের উপর যৌন নিপীড়নের ঘটনার ক্ষেত্রেই সাধারণত পকসো আইন প্রয়োগ করা হয়। যৌন সংসর্গ না হলে সেক্ষেত্রে অভিযুক্তের সর্বনিম্ন ৩ বছর থেকে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা হতে পারে। এই অপরাধ জামিনযোগ্য নয়, এবং কোনও পরোয়ানা ছাড়াই অভিযুক্তকে গ্রেফতার করতে পারে পুলিশ। যৌন সংসর্গের ক্ষেত্রে সর্বনিম্ন কুড়ি বছর থেকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা হতে পারে।
‘নো মুসলিম’ বোর্ড সরছে কেরলের মন্দির থেকে, অমিতকে জবাব পিনারাইয়ের