দ্য ওয়াল ব্যুরো : অযোধ্যায় নতুন মন্দির থিমের স্টেশনের প্রথম পর্বের কাজ শেষ হবে ২০২১ সালে। ভূমিপূজনের দু'দিন আগে, সোমবার একথা জানাল ভারতীয় রেল। উত্তর ও উত্তর-মধ্যে রেলের জেনারেল ম্যানেজার রাজীব চৌধুরি বিবৃতি দিয়ে বলেছেন, "প্রভু রামের পদচিহ্ন পড়েছিল পবিত্র শহর অযোধ্যায়। এই শহরের আধ্যাত্মিক গুরুত্ব আছে। ভবিষ্যতের কথা চিন্তা করে রেল অযোধ্যা স্টেশনের আধুনিকীকরণ করছে।"
নতুন স্টেশনের আধুনিকীকরণের জন্য ১০৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে। রামমন্দির নির্মাণের পরে শহরে যে তীর্থযাত্রীরা আসবেন, তাঁদের জন্যই নতুন করে সেজে উঠছে অযোধ্যা স্টেশন। গত বছরেই তার নির্মাণের কাজ শুরু করেছে রেলের সংস্থা রাইটস।
নর্দার্ন রেল থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, "যুগ যুগ ধরে পুরুষোত্তম রামচন্দ্রের পবিত্র ভূমি অযোধ্যা মানুষকে আকর্ষণ করেছে। সেজন্য রেলের কাছেও অযোধ্যার বিশেষ গুরুত্ব আছে। রেল বর্তমানে অযোধ্যাগামী বহু ট্রেন চালাচ্ছে। এইভাবে ভারতীয় রেল যাত্রীদের প্রতি দায়িত্ব পালন করছে।"
অযোধ্যায় ২.৭৭ একর জমির ওপরে দাঁড়িয়েছিল ষোড়শ শতকে নির্মিত বাবরি মসজিদ। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বিভিন্ন হিন্দু সংগঠনের কর্মীরা মসজিদটিকে ভেঙে ফেলে। তাদের বিশ্বাস, রামলালার জন্মস্থানের ওপরে ওই মসজিদ নির্মিত হয়েছিল।
উত্তরপ্রদেশে এখন করোনা রোগীর সংখ্যা ৩৮ হাজার ২৩। এরই মধ্যে শুরু হচ্ছে মন্দির নির্মাণের কাজ। আগে যে আয়তনের মন্দির তৈরি হবে বলে ভাবা হয়েছিল, বাস্তবে মন্দিরের আকার হতে চলেছে তার দ্বিগুণ। গতবছর নভেম্বর মাসে সুপ্রিম কোর্টের রায়ে রামমন্দির নির্মাণের পথ তৈরি হয়। শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেয়, মসজিদ নির্মাণের জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে শহরে পাঁচ একর জমি দিতে হবে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, "আমি বরাবরই ভাবতাম, নরেন্দ্র মোদীর নেতৃত্বেই রামমন্দির তৈরি হবে। মোদীর নেতৃত্বেই দেশে রামরাজ্য আসবে। আমি সকলের কাছে আবেদন জানাচ্ছি, ৪ ও ৫ অগাস্ট বাড়িতে মাটির প্রদীপ জ্বালান।" করোনায় আক্রান্ত হয়ে শিবরাজ সিং চৌহান এখন হাসপাতালে ভর্তি আছেন।
একটি সূত্রে জানা গিয়েছে, ভূমিপূজনের সময় পাঁচজন থাকবেন মঞ্চে। প্রধানমন্ত্রী বাদে থাকবেন আরএসএস প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও মহন্ত নিত্যগোপালদাস। মোট দেড়শ জনকে পাঠানো হয়েছে আমন্ত্রণপত্র। প্রধানমন্ত্রী ৪০ কেজি ওজনের একটি রুপোর ইট দিয়ে রামমন্দির নির্মাণের প্রতীকি সূচনা করবেন। কয়েক দশক ধরে বিজেপি রামমন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে আসছে। সেই মন্দির নির্মাণের কাজ শুরু হবে এতদিনে।