দ্য ওয়াল ব্যুরো : আন্তর্জাতিক আদালতের সমালোচনার মুখে পড়ে বন্দি ভারতীয় কুলভূষণ যাদবের সঙ্গে ভারতের কোনও দূতকে দেখা করতে দিতে রাজি হয়েছিল পাকিস্তান। কিন্তু তাদের শর্ত ছিল, ভারতীয় কনস্যুলেটের কোনও কর্মী যখন কুলভূষণের সঙ্গে দেখা করবেন, সেখানে উপস্থিত থাকবেন পাকিস্তানের কোনও প্রতিনিধি। ভারত এই শর্ত মানেনি। দিল্লি দাবি জানিয়েছিল, ভারতের দূত যখন বন্দির সঙ্গে কথা বলবেন, তখন সেখানে তৃতীয় কারও থাকা চলবে না। কাশ্মীর নিয়ে উত্তেজনার প্রেক্ষিতে বৃহস্পতিবার সেই দাবি নাকচ করে দিল পাকিস্তান।
জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের বিরুদ্ধে বুধবারই কয়েকটি পদক্ষেপ নেয় পাকিস্তান। ভারতের হাই কমিশনারকে দেশে ফেরত পাঠানো হয়। দুই দেশের বাণিজ্যও আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। একইসঙ্গে ইসলামাবাদ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কুলভূষণ যাদবের সঙ্গে ভারতীয় দূতের দেখা হওয়ার কোনও সম্ভাবনাই আপাতত নেই।
গত ১৭ জুলাই ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস রায় দেয়, বন্দি কুলভূষণের সঙ্গে তার স্বদেশের দূতকে দেখা করতে না দিয়ে আন্তর্জাতিক বিধি ভঙ্গ করেছে পাকিস্তান। এর পরে ইসলামাবাদ থেকে বলা হয়, একটি শর্তে ভারতীয় কনস্যুলেটের কোনও কর্মী বন্দির সঙ্গে দেখা করতে পারবেন। দেখা করার সময় সেখানে উপস্থিত থাকবেন পাকিস্তানের কোনও প্রতিনিধি। ভারত পালটা দাবি জানায়, কুলভূষণের সঙ্গে ভারতের দূত যখন দেখা করবেন, তখন সেখানে ভয়ের পরিবেশ থাকলে চলবে না। সাক্ষাৎকারের সময় কেউ যেন বাধা না সৃষ্টি করেন। সেই শর্তে রাজি হল না পাকিস্তানে। ভারতের দূত কবে কুলভূষণের সঙ্গে দেখা করতে পারবেন, তাও অনিশ্চিত হয়ে পড়ল।