
শেষ আপডেট: 23 September 2022 10:52
দ্য ওয়াল ব্যুরো: পথ দেখিয়েছেন উত্তরপ্রদেশের (Uttarpradesh) যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তাঁর পথে হেঁটেছেন মধ্যপ্রদেশ, গুজরাত, উত্তরাখণ্ডের বিজেপি সরকার। তালিকায় নাম তুললেন হরিয়ানার (Haryana) বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর।
ক’দিন আগেই অফিসারদের ডেকে নির্দেশ দিয়েছিলেন উত্তরপ্রদেশের পথে হাঁটতে। আজ মানেসার মিউনিসিপ্যাল কর্পোরেশন গুরুগ্রামের বারহগুর্জার এলাকায় মাফিয়া (mafia) সুবে গুর্জারের কৃষি জমিতে বেআইনিভাবে তৈরি তিনতলা বাংলো ভেঙে দিল (demolished)। বুলডোজার (bulldozer) চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় গোটা নির্মাণ। বিশাল পুলিশ বাহিনী সঙ্গে নিয়ে আজ সকালে হাজির হয় পুরকর্মীরা।
দুটি দলে ভাগ হয়ে পুরকর্মীরা জেসিবি দিয়ে ভাঙার কাজ শুরু করতে দূর-দূরান্ত থেকে মানুষ সেখানে জড়ো হয়েছে অপারেশন বুলডোজারের সাক্ষী হতে।
মানেসার মিউনিসিপ্যাল কর্পোরেশনের আধিকারিক সঞ্জয় কুমার বলেছেন অনুমতি ছাড়াই বারহগুর্জার গ্রামে তিন হাজার বর্গ ফুট এলাকা ছুড়ে কৃষি জমিতে বাড়িটি তৈরি করেছিল ওই মাফিয়া। তিনি বলেন, এই সম্পত্তি অবৈধ, তাই ভেঙে ফেলা হচ্ছে। এর জন্য নোটিশ দিয়েছে মানেসার মিউনিসিপ্যাল কর্পোরেশন।
গ্যাংস্টার সুবে গুর্জারের বিরুদ্ধে খুন, মুক্তিপণ, খুনের চেষ্টা সহ ৪২টি ফৌজদারি মামলা রয়েছে। হরিয়ানা পুলিশ এইগ্যাংস্টারকে ধরে দিতে পারলে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে রেখেছে। বহু বছর পরিশ্রমের পর এসটিএফের হাতে গ্রেফতার হয় এই মাফিয়া ডন। বর্তমানে সে জেলে বন্দি।
উত্তরপ্রদেশ সরকারের মতো হরিয়ানার বিজেপি সরকারও মাফিয়া, ডাকাতদের দমন করতে তাদের বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকারি কাজে ব্যবহারের চেষ্টা চালাচ্ছে। তবে বেআইনি নির্মাণের ক্ষেত্রে ভাঙাই একমাত্র নিদান সরকারের। যাতে ভাঙার দৃশ্য দেখে বাকিরা সতর্ক হয়।