দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যে মাত্রা ছাড়াচ্ছে নারী নির্যাতন। শুধু যুবতী বা তরুণীরাই নন, যৌন নির্যাতনের শিকার হচ্ছে বৃদ্ধারাও। এছাড়া শিশুরাই জঘন্য অপরাধ থেকে বাদ যাচ্ছেনা। অপরহণ, খুন, পাচার, গার্হ্যস্থ হিংসার মতো সমস্ত অপরাধই ঘটে চলেছে নারীদের কেন্দ্র করে। অপরাধ ঠেকাতে রাজ্য সরকার ও পুলিশ ব্যবস্থা নিলে কমানো যাচ্ছেনা নারীঘটিত অপরাধের সংখ্যা। তাই রাজ্যে এবার নারী নির্যাতন আটকাতে এবার একজোট হয়েছেন নারীরাই। দক্ষিণ ২৪ পরগনা গড়ে উঠেছে 'মহিলা বাহিনী'।
দু'বছর আগেই স্থানীয় মহিলাদের নিয়ে তৈরি হয়েছিল এই বাহিনী। পোশাকি নাম 'রাজাপুর ভগিনী নিবেদিতা মহিলা সমিতি'। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে মহিলাদের ওপর অত্যাচারের মাত্রা বেড়ে চলায় তা রুখতে ক্যানিংয়ের তালদির রাজাপুরের এলাকার দুশোজন মহিলাকে নিয়ে তৈরি হয় সংগঠন।
প্রাথমিকভাবে স্থানীয় মহিলা অঞ্জনা মন্ডল, তপতী সরদার, সমিতা দাশগুপ্তা, মাম্পি মন্ডল, কৃষ্ণা মন্ডল, বন্দনা সরকার, পুষ্প মন্ডলরাই ধরণের সংগঠন তৈরি করার কথা ভেবেছিলেন। এরপর তাঁদের অনবরত চেষ্টায় একে একে দুশোজন মহিলা জুড়ে যান এই সংগঠনের সঙ্গে। সংগঠনটি পুরোদমে কাজ শুরু হয় ২০১৯ সালে ১৯ ডিসেম্বরে। তবে স্থায়ী কার্যালয় ছিলনা। এবার রবিবার তাদের স্থানীয় ঠিকানার উদ্বোধন হল।
রবিবার সকালে তালদি স্টেশন এলাকায় স্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন ক্যানিং থানার আইসি আতিবুর রহমান, ক্যানিং মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারীক কৃষ্ণা দাস। সেখানে বিশিষ্ট আইনজীবী দীপক হালদার, স্থানীয় গ্রাম পঞ্চায়েত উপপ্রধান কালীচরণ মাল, সংস্থার সভাপতি অঞ্জনা মন্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
রাজাপুর ভগিনী নিবেদিতা মহিলা সমিতির সম্পাদিকা রশিদা সরদার বলেন, “আগামী দিনে সমাজের বুকে নারীরা যাতে অত্যাচারিত না হয় সেই উদ্যোগ নিয়ে আমরা দক্ষিণ ২৪ পরগনা জেলার সঙ্গে রাজ্য জুড়ে নারীদের সুরক্ষা দেওয়ার কাজ চালাবো। তার জন্যই আমাদের এই মহিলা সংগঠন তৈরি করা হয়েছে। একই সঙ্গে মহিলারা যাতে পুরুষদের হাতে অসুরক্ষিত না থাকে, অত্যাচারিত না হয়, সে দিকগুলিও নিয়েও কাজ করবে এই নারী বাহিনী। পাশাপাশি এলাকার দুস্থ অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।