
শেষ আপডেট: 26 July 2023 05:57
দ্য ওয়াল ব্যুরো: ভরা বর্ষার মধ্যেও বৃষ্টি থেকে দক্ষিণবঙ্গ প্রায় বঞ্চিতই বলা যায় এই বছর। তবে মঙ্গলবার সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি চলছে রাজ্যজুড়ে। কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গেই চলছে মেঘ রোদ্দুরের খেলা। তার মধ্যেই বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস (weather report)।
হাওয়া অফিসের খবর অনুযায়ী, পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার ফলে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তার জেরে আজ বুধবার বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (rain prediction)। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে আজ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে হালকা বৃষ্টি হতে পারে।
তবে সেই সঙ্গে হাওয়া অফিস একথাও জানিয়েছে, এই বৃষ্টির কারণে আপাতত আর্দ্রতাজনিত অস্বস্তি কমবে না। তাপমাত্রাও একই থাকবে প্রায়। ২৯ জুলাই শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ খানিকটা বাড়তে পারে।
বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। বুধবার উত্তরের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু জায়গায় এদিন ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বৃহস্পতিবার বিকেল থেকে উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টি। তবে তাপমাত্রার তেমন পার্থক্য হবে না।
মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাস্পের পরিমাণ ৬৬ থেকে ৯৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৬.৮ মিলিমিটার।
দ্বিতীয় দফায় মানিক ভট্টাচার্যকে জেরা, সকালে প্রেসিডেন্সি জেলে পৌঁছেছেন সিবিআই আধিকারিকরা