
শেষ আপডেট: 8 August 2023 17:47
দ্য ওয়াল ব্যুরো: স্টেশনে ঢোকার আগে হঠাৎ ঝাঁকুনি! সিগন্যাল ছাড়াই দাঁড়িয়ে গেল ট্রেন। তাও আবার ৫-১০ মিনিট না, টানা ৪০ মিনিট ঠায় ওইভাবেই দাঁড়িয়ে থাকল আপ হাওড়া- জয়নগর এক্সপ্রেস। পরে যদিও আবার ট্রেনটি চলতে শুরু করে। মঙ্গলবার সন্ধে ৬টা নাগাদ ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট (Rampurhat) স্টেশনের কাছে। পরে জানা যায়, রেল চালক মদ্যপ ( driver drunk) অবস্থায় ছিলেন। এই ঘটনায় স্বাভাবিকভাবেই যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও পরে অন্য চালক এনে ট্রেনটিকে (train) গন্তব্যে পাঠানো হয়।
ঘটনার কথা স্বীকার করেছেন পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। এর পাশাপাশি জানা গিয়েছে, ট্রেনটি বেশ ধীর গতিতেই চলছিল। এর ফলে ঝাঁকুনি দিয়ে ট্রেনটি হঠাৎ দাঁড়িয়ে গেলেও যাত্রীরা সুরক্ষিতই আছেন। অভিযোগ, তাঁরাই প্রথম চালকদের মদ্যপ থাকার বিষয়টি হাতেনাতে ধরেন। ঘটনায় রীতিমতো ক্ষোভে ফুঁসছেন তাঁরা।
এই যাত্রীদের মধ্যেই একজন রামপুরহাট স্টেশনের ম্যানেজার কৃষ্ণকুমারকে বিষয়টি খুলে জানান। মুহূর্তের মধ্যে সেখানে ভিড় জমে যায়। নতুন চালক ছাড়া ট্রেনে উঠতে অস্বীকার করেন সমস্ত যাত্রীরা। কারণ ওই মদ্যপ চালকরা ট্রেন চালালে যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা থাকতে পারে বলে জানান তাঁরা।
এরপর প্রায় ৪০ মিনিট বাদে নতুন চালক এলে সব যাত্রীরা আবার ট্রেনে ওঠে। তিনিই শেষে ট্রেনটিকে গন্তব্যে নিয়ে যান। এদিকে অভিযুক্ত ২ মদ্যপ চালককে রামপুরহাট স্টেশনে নামিয়ে স্বাস্থ্যপরীক্ষা করা হয়। আপাতত সেখানেই তাঁকে থাকতে বলা হয়েছে।
শিবলিঙ্গ উচ্ছেদের ঘোষণা বিচারপতির, রায় নথিভুক্ত করতে গিয়ে অজ্ঞান রেজিস্ট্রার!