
শেষ আপডেট: 31 March 2022 15:39
দ্য ওয়াল ব্যুরো: পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন চক্রবর্তীর 'বিতর্কিত' মন্তব্যের জেরে প্রচারে সাতদিনের নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন (Election Commission)। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই এবার আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের (Agnimitra Pal) বিরুদ্ধে প্ররোচনা মূলক বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ তৃণমূল।
অভিযোগপত্রের সঙ্গে একটি নয় সেকেন্ডের ভিডিও ক্লিপও যুক্ত করে দিয়েছে শাসক দল। তৃণমূলের দাবি, এহেন মন্তব্যের জন্য যদি নরেন চক্রবর্তীর প্রচার 'ব্যান' করা হয়, তবে এক্ষেত্রে হবে না কেন? অভিযোগ, পাল্টা অভিযোগের খেলা চলছে আসানসোলে।
কী আছে সেই ভিডিও ক্লিপে? দেখা যাচ্ছে, বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল বলেছেন, 'মারের বদলা মার হবে'। এই ভিডিওটি টুইটারে পোস্ট করেছেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। এদিন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে প্রচারে এসে সেই কথাই তুলে ধরেন রাজ্যের মন্ত্রী। তিনি বলেন, নরেন্দ্রনাথ চক্রবর্তীর যদি তার ওই উক্তির জন্য নির্বাচনের প্রচারে সাতদিনের জন্য ব্যান হতে পারেন, তাহলে বিজেপি প্রার্থীর বক্তব্যর ক্ষেত্রেও কমিশন একইরকম পদক্ষেপ নেবে বলে আশা করি।
এই প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল কী বললেন? তিনি বলেন যে, যারা হোম ওয়ার্ক করেছে, তা ঠিক করে করতে পারেনি। যে ভিডিও থেকে কেটে বা এডিট করে যে এটা করা হয়েছে, তার আগের অংশটাও তো শুনতে হবে। তা হলে বোঝা যাবে।
সাঁওতালি মিডিয়াম স্কুল! বীরভূমের প্রত্যন্ত গ্রামে জ্বলছে শিক্ষার অন্য আলো