দ্য ওয়াল ব্যুরো: চুরি করতে গিয়ে পা পিছলে পড়ে ধরা পড়ে গেল চোর! সামান্য শ্যাওলার কারণে যে এই বিপত্তি ঘটবে, তা ভুলেও ভাবতে পারেনি চোরবাবাজি। কিন্তু দুঃখের বিষয়, পা পিছলে চোর ধরা পড়লেও, চোরাই টাকাপয়সা অবশ্য হাত থেকে বেরিয়ে গেল।
শনিবার গভীর রাতে জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ি এলাকার নিউ সেন্টার বাজারে অবস্থিত শ্রীপুর শিব মন্দিরে এই ঘটনাটি ঘটেছে। মন্দিরের প্রণামীর বাক্স থেকে টাকা চুরি করতে এসেছিল চোর। সঙ্গে কয়েক জন শাগরেদও ছিল। পুলিশ জানিয়েছে, মন্দিরের বাইরে জমে থাকা শ্যাওলার কারণেই ধরে ফেলা গেছে চোরকে।
এই ঘটনার প্রত্যক্ষদর্শী, মন্দিরের পুজারীর ছেলে রাজা গোস্বামী জানিয়েছেন রাত্রি তখন প্রায় দুটো। আচমকাই কাচ ভেঙে যাওয়ার শব্দ শুনে ঘুম ভেঙে যায় তাঁর। মন্দির লাগোয়া একটি ঘরেই থাকেন তিনি। কাচ ভাঙার শব্দ শুনে জেগে উঠে তিনি দেখতে পান, মন্দিরে রাখা কাচের তৈরি দানবাক্সটি ভাঙছে কেউ একজন।
বাক্সের ভেতরে অনেকটা নগদ টাকা আছে, সেটা চুরি করতেই এসেছে চোর, এটা বুঝতে দেরি হয়নি রাজা গোস্বামীর। তখনই তিনি বেরিয়ে এসে চিৎকার করে লোকজনকে জাগাতে থাকেন। তখনই ওই চোর আচমকা বিপদে পড়ে যায়। কী করবে বুঝতে না পেরে টাকা নিয়ে চম্পট দেয়। দেওয়ালের অন্য প্রান্তে দাঁড়িয়ে ছিল তার শাগরেদরা। তাদের কোনও রকমে টাকাগুলো দিয়ে দেয় সে। কিন্তু দেওয়াল টপকে নিজে ফিরে যাওয়ার সময় দেওয়ালে থাকা শ্যাওলার জেরে আছড়ে পড়ে মন্দিরের ভিতরে।
ফলে শেষমেশ আর পালানো হয়নি সে চোরের। ততক্ষণে উঠে পড়েছেন সকলে, তাঁরা সবাই মিলে ধরে ফেলেন চোরকে। এর পরেই খবর দেওয়া হয় পুলিশে। শ্রীপুর ফাঁড়ির পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে। জানা গেছে, ওই দলের আরও একজন দুষ্কৃতীর খোঁজ মিলেছে এদিন।