
শেষ আপডেট: 18 March 2022 13:16
দ্য ওয়াল ব্যুরো: মরার সময় মকরধ্বজ, সিপিএমের (CPM) রাজ্য কমিটিতে নতুনদের যায়গা করে দেওয়া প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। বিজেপির রাজ্য সভাপতির দাবি, পরিস্থিতির চাপে সিপিএম তরুণ মুখদের সামনে আনতে চাইছে। কিন্তু তাতে কোনও লাভ হবে না।
সদ্যসমাপ্ত পুর নির্বাচনে তৃণমূলের সাহায্যে বামেরা দ্বিতীয় স্থানে উঠে এসেছে বলে দাবি করেন সুকান্ত মজুমদার। পুরভোটে বিজেপির (BJP) বিপর্যয়ের জন্য শাসকদলের গাজোয়ারি ও রাজ্য নির্বাচন কমিশনের ব্যর্থতাকে কাঠগড়ায় তোলেন বিজেপির রাজ্য সভাপতি। চব্বিশের লোকসভা নির্বাচনে কার কতটা সমর্থন আছে সেটা প্রমাণ হয়ে যাবে বলে সুকান্তর দাবি।
শুক্রবার সাংগঠনিক কাজের পাশাপাশি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে জলপাইগুড়ি (Jalpaiguri) আসেন বিজেপির রাজ্য সভাপতি। জলপাইগুড়ি শহরে সুকান্ত মজুমদারের শ্বশুর বাড়ি। সেখানে পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে জেলা দফতরে দলের নেতাকর্মীদের সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি রং খেলেন, মিষ্টিমুখ করান।
সম্প্রতি জলপাইগুড়ি শহরে চুরি-ছিনতাইয়ের ঘটনা ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। এই বিষয়ে পুলিশকে কাঠগড়ায় তুলে বিজেপির রাজ্য সভাপতি বলেন, পুলিশ পরিস্থিতি সামলাতে না পারলে বলে দিক, গুন্ডা-বদমাইশদের কীভাবে শায়েস্তা করতে হয় তা বিজেপির জানা আছে।
রসিকবিলেও রঙের ছোঁয়া! এই প্রথম দোল উৎসবে মাতল কোচবিহারের চিড়িয়াখানা