
শেষ আপডেট: 22 February 2023 12:03
দ্য ওয়াল ব্যুরো: তিনি দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে ছিলেন। কিন্তু অনেকে ভাল সময়ে মমতার পাশে উড়ে এসে জুড়ে বসেছেন। কবি সুবোধ সরকারদের (Subodh Srakar) সম্পর্কে এমনই মন্তব্য করলেন শিল্পী শুভাপ্রসন্ন (Suvaprasanna)।
মঙ্গলবার ভাষা দিবসের মঞ্চে শুভাপ্রসন্ন বাংলা ভাষায় ‘পানি, দাওয়াত’ শব্দের ব্যবহার নিয়ে আপত্তি তুলেছিলেন। ওই মঞ্চেই মুখ্যমন্ত্রী শুভাপ্রসন্নর বিরোধিতা করেন। ওই মঞ্চে নৃসিংহপ্রসাদ ভাদুরি, সুবোধ সরকাররাও ছিলেন। বুধবার কথা প্রসঙ্গেই তাঁদের কথা টানেন শুভাপ্রসন্ন।
এদিন শিল্পী শুভাপ্রসন্ন বলেন, ‘কেউ কেউ সুসময়ে মমতার পাশে এসেছেন। তাঁরা কী বললেন আমার তাতে কিছু এসে যায় না।’ সেইসঙ্গে সুবোধের নাম করে শুভাপ্রসন বলেন, ‘উনি তো পুরো সিপিএম ছিলেন। একটা সময়ে আমায় কত নোংরা নোংরা কথা বলতেন। আজকে কাছে আসার জন্য অনেক কিছু করছেন।’
শুভাপ্রসন্ন আরও বলেন, ‘এঁদের অনেকেই নন্দীগ্রাম আন্দোলনের সময়ে মমতার পাশে ছিলেন না। আমরা ছিলাম। সুতরাং সবাই জানে আমি কী। এ নিয়ে আমার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই।’
এ ব্যাপারে প্রতিক্রিয়ার জন্য দ্য ওয়ালের তরফে যোগাযোগ করা হয়েছিল কবি সুবোধ সরকারের সঙ্গে। কিন্তু তিনি ফোন ধরেননি। পরে প্রতিক্রিয়া পাওয়া গেলে এই প্রতিবেদনে আপডেট করা হবে।
একথা ঠিক যে, সুবোধ সরকার একটা সময়ে সিপিএম ঘনিষ্ঠ বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ছিলেন। শুধু তাই নয়। ২০১১ সালের আগে থেকে যখন বাংলার সুশীল সমাজ কার্যত দ্বিধাবিভক্ত, তখন সুবোধ সরকাররা ছিলেন বাম দিকেই। ২০০৭-এর নভেম্বরে সিপিএমের নন্দীগ্রাম পুনর্দখলের পর কলকাতার রাস্তায় প্রথমে বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের বিরোধী বুদ্ধিজীবীরা নাগরিক মিছিল ডেকেছিলেন। পরের দিন পাল্টা মিছিলে নেমেছিলেন বাম ঘেঁষা বুদ্ধিজীবীরা। সেই সময়েও দ্বিতীয় মিছিলে দেখা গিয়েছিল সুবোধবাবুকে।
যদিও ২০১৬-র আগেপরের সময় থেকেই সুবোধবাবুর মত বদলায়। মমতাকে বামপন্থী হিসেবেও তাঁর লেখায় তুলে ধরেন কবি। কিন্তু শুভাপ্রসন্ন এদিন দাবি করলেন, এঁরা সব সুখের পায়রা। দুঃসময়ে কেউ ছিলেন না মমতার পাশে।
উদ্ধবের আর্জি খারিজ কোর্টে, শিবসেনা নাম, তির ধনুক প্রতীক থাকবে শিন্ডের দখলেই