দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: হাসপাতাল চত্বরে বিক্রি হচ্ছিল মাদক। সূত্রের খবরের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে গ্রেফতার করে মাদকের কারবারি এক যুবককে। হাসপাতাল চত্বরে মাদক বিক্রির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হল ধূপগুড়িতে।
কিছুদিন আগে এসএসবির গোয়েন্দাদের কাছে খবর আসে ডালখোলা থেকে ব্রাউন সুগার এনে ধূপগুড়িতে ব্যবসা ফেঁদেছে এক যুবক। এরপর তাকে নজরবন্দি করে গোয়েন্দাবাহিনী। তাকে পাকড়াও করার জন্য ধূপগুড়ি থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে বসে অভিযানের পরিকল্পনা করা হয়।
বুধবার বিকেলে ধূপগুড়ি থানার পুলিশ এবং ফালাকাটার এসএসবির ১৭ নম্বর ব্যাটেলিয়ান যৌথ অভিযান চালায়। ধূপগুড়ি শহরের গ্রামীণ হাসপাতাল চত্বর থেকে গ্রেফতার করা হয় ওই যুবককে। তার কাছ থেকে ব্রাউন সুগার উদ্ধার করা হয় বলে পুলিশের দাবি। এরপরেই গ্রেফতার করা হয় তাকে। ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে চক্রের সঙ্গে আরও যারা জড়িত তাদের ধরার চেষ্টা করছে পুলিশ। তাই ধৃতের নাম ও পরিচয় আপাতত গোপন রাখা হয়েছে।
এসএসবির ডেপুটি কমান্ড্যান্ট কিশলয় উপাধ্যায় বলেন, ‘‘ডালখোলা থেকে ব্রাউন সুগার-সহ অন্য মাদক নিয়ে এসে ধূপগুড়িতে বিক্রি করা হচ্ছে, এই খবর আমরা আগেই পেয়েছিলাম। গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতেই ওই যুবককে নজরবন্দি করা হয়েছিল। তারপরেই তাকে গ্রেফতার করার জন্য ধূপগুড়ি থানার সহযোগিতা চাওয়া হয়।’’
শহরের বেশ কয়েকটি জায়গায় অভিযান চালানোর পর হাসপাতাল চত্বরে খোঁজ মেলে তার। সেখান থেকেই মাদক-সহ গ্রেফতার করা ওই যুবককে। ধৃত যুবককে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হয় বেশ কিছুক্ষণ। এরপর ওই যুবককে সঙ্গে নিয়েই তার বাড়িতে তল্লাশি চালাতে যায় পুলিশ।
এসএসবির ডেপুটি কমান্ড্যান্ট কিশলয় উপাধ্যায় জানান ওই যুবক ডালখোলা থেকে ব্রাউন সুগার নিয়ে এসে বিক্রির জন্যই ওই এলাকায় গিয়েছিলেন। তবে ধূপগুড়ি এলাকায় কার হাতে ব্রাউন সুগার তুলে দিচ্ছিল তা এখনও জানা যায়নি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরো চক্রটাকেই ধরতে উদ্যোগী হয়েছেন তাঁরা।