দ্য ওয়াল ব্যুরো, হুগলি: গরুর বর্জ্য ফেলার চেম্বার পরিষ্কার করতে নেমে গ্যাসে অসুস্থ হয়ে মৃত্যু হল দু’জনের। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে সিঙ্গুর গ্রামীণ হাসপাতাল থেকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদের নাম দীপেন ঘোষ(৩৭) ও জয়ন্ত বাগ(৪৭)।
সিঙ্গুরের খাসেরভেরি গ্রামে বাসিন্দা ছিলেন দীপেন ঘোষ। তাঁর বাড়ির গোয়াল পরিষ্কার করে বর্জ্য জমা করা হত চেম্বারে। পনেরো কুড়ি দিন পরপর পরিষ্কার করা হত সেই চেম্বার। দীপেনবাবুর বাড়িতে মজুরের কাজ করতেন পূর্ব বর্ধমানের বাসিন্দা জয়ন্ত বাগ। শুক্রবার দুপুরে পাম্প চালিয়ে বর্জ্য পরিষ্কারের কাজ করছিলেন তিনি। জানা গেছে, চেম্বারের ঢাকনা খুলে ভিতরে নামতেই গ্যাসে অসুস্থ হয়ে পড়েন তিনি।
টের পেয়েই জয়ন্তকে উদ্ধার করতে চেম্বারে নামেন দীপেন। তিনিও চেম্বারের ভিতর অসুস্থ হয়ে পড়লে পরপর আরও দু’জন তাঁদের উদ্ধার করতে চেম্বারে নেমে গ্যাসে অসুস্থ হয়ে পড়েন। এমনকি দীপেনের ১২ বছরের ছেলে পাপ্পুও বাবাকে উদ্ধার করতে দশ ফুট গভীর চেম্বারে নেমে অসুস্থ হয়ে পড়ে।
বাড়ির লোকের চিৎকার শুনে গ্রামের লোকজন ছুটে আসেন। একে একে পাঁচজনকেই চেম্বার থেকে উদ্ধার করে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান তাঁরা। সেখানেই ডাক্তাররা দীপেন ঘোষ (৩৭) ও জয়ন্ত বাগকে (৪৭) মৃত বলে ঘোষণা করেন। অন্য তিনজন সুখেন ঘোষ, বিজয় মালিক ও পাপ্পু ঘোষের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে রেফার করা হয় তাঁদের।