
শেষ আপডেট: 19 August 2022 13:57
দ্য ওয়াল ব্যুরো: হাওড়ায় (Howrah Murder) একই পরিবারের চার জনের খুনের ঘটনায় গ্রেফতার আরও এক। আগেই মূল অভিযুক্ত পল্লবী ঘোষকে (Pallavi Ghosh) গ্রেফতার করেছিল পুলিশ। এবার পুলিশের জালে পল্লবীর স্বামী দেবরাজ ঘোষও (Debraj Ghosh)। ঘটনার পর থেকেই ফেরার ছিল সে।
নিজের বড় ভাসুর, শাশুড়ি, জা এবং ভাইঝিকে নৃশংসভাবে কুপিয়ে খুন করার অভিযোগে গ্রেফতার হয়েছে পল্লবী। এই নৃশংস হত্যাকাণ্ড যে সেই ঘটিয়েছে তাতে কোনও সন্দেহ নেই। পুলিশের কাছে পল্লবী নিজেই সব স্বীকার করেছে। তবে সন্দেহের তালিকায় প্রথম থেকেই ছিল দেবরাজের নামও। ঘটনার দিন থেকেই তাকে আর পাওয়া যাচ্ছিল না। শুক্রবার ভোরে বর্ধমানের কাটোয়া থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে এদিন হাওড়া আদালতে তোলা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, যেদিন পল্লবী চারজনকে কুপিয়ে খুন করেছে সেদিন বাড়িতেই ছিল তার স্বামী দেবরাজ। ঘটনাস্থলে উপস্থিত ছিল সে। খুনের পর বাড়ি থেকে পালিয়ে যায় দেবরাজ। তার মোবাইল ফোন বন্ধ ছিল। এই দেবরাজকে ধরার জন্য হাওড়া সিটি পুলিশ একটি বিশেষ দল গঠন করেছিল। গোপন সূত্রে খবর পেয়ে এদিন ভোরবেলা কাটোয়া স্টেশনে পৌঁছয় সেই দল। হাতেনাতে পাকড়াও করা হয় দেবরাজকে।
পুলিশের অনুমান, সরাসরি খুন না করলেও পল্লবীর এই হাড় হিম করা কাণ্ডে সাহায্য করেছিল দেবরাজ। সে সবটাই জানত, সেও এই খুনের সঙ্গে জড়িত থাকতে পারে বলে মনে করছে পুলিশ। কীভাবে কী করেছিল, খতিয়ে দেখা হচ্ছে সবটাই।
আরও পড়ুন: ছেঁড়া তারে পা দিতেই ছিটকে গেলেন বৃদ্ধ! তেহট্টের পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু