দ্য ওয়াল ব্যুরো : এক তৃণমূল নেতাকে মোটরবাইক সমেত জ্বালিয়ে দেবার চেষ্টা হল কোচবিহারের বক্সিরহাট এলাকায়। শনিবার রাতে বাড়ি ফেরার সময় তৃণমূলের বুথ সভাপতি মহিরুদ্দিন মিঞ্জকে লক্ষ্য করে দুষ্কৃতীরা পেট্রোল বোমা ছোড়ে বলে অভিযোগ। কোচবিহার জেলা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল।
তৃণমূলের অভিযোগ, শনিবার রাত সাড়ে ১১ টা্ নাগাদ মোটর সাইকেলে করে বাড়ি ফেরার সময় অসম বাংলা সীমান্তের মহিষকুচির কাছে তাঁকে দাঁড়াতে বলে কয়েকজন। মহিরুদ্দিন দাঁড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই তাঁকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুষ্কৃতীরা। এতে আগুন ধরে যায় মোটরবাইকে। আগুনে জখম হন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তড়িঘড়ি তাঁকে কোচবিহার হাসপাতালে নিয়ে যান তৃণমূলের জেলা নেতারা।
বিজেপির স্থানীয় নেতাদের দাবি , এ সব তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ফল। সম্প্রতি তোলা আদায় নিয়ে ওই এলাকায় অশান্তি তৈরি হয়েছে তৃণমূলের অন্দরে । তার জেরেই এই ঘটনা বলে জানিয়েছেন বিজেপির নেতারা । তৃণমূলের পক্ষ থেকে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে।