
শেষ আপডেট: 6 July 2023 08:09
দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনে ভোটগ্রহণ হবে ৮ জুলাই শনিবার। রাজ্যের মোট ২০ জেলায় ভোট গ্রহণ পর্ব চলবে। যে সব সরকারি কর্মচারীর বাড়ি পঞ্চায়েত এলাকায় এবং যাঁরা পঞ্চায়েতের ভোটার তাঁদের ওই দিন সবেতন ছুটি ঘোষণা করল নবান্ন।
তা ছাড়া গোটা রাজ্যের যেখানে যেখানে পঞ্চায়েত ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে সেই সব এলাকায় রাজ্য সরকারের সব অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য সরকারি প্রতিষ্ঠান, দোকান, কারাখানা-সহ বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠানে ছুটি থাকবে।

রাজ্য সরকারের শ্রম দফতরের নির্দেশ, বিভিন্ন ব্যবসায়িক সংস্থা, শিল্প প্রতিষ্ঠান, অধিগৃহীত সংস্থা বা দোকান পাটকে এই নীতি মানতে হবে। তাদের প্রতিষ্ঠানে কর্মরত যে সব কর্মী পঞ্চায়েতের ভোটার তাঁদের ৮ জুলাই সবেতন ছুটি দিতে হবে। যাতে তাঁরা পঞ্চায়েত ভোটে তাঁদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারে।
শনিবার রাজ্য সরকারি অফিস কাছারি এমনিতেই অধিকাংশ বন্ধ থাকে। একমাত্র জরুরি পরিষেবা আর কিছু সরকারি দফতর খোলা থাকে। কিন্তু বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিল্প সংস্থা, দোকান পাট ইত্যাদি সবই খোলা থাকে।
শ্রম দফতরের নির্দেশে বোঝানো হয়েছে, সংগঠিত ক্ষেত্র ছাড়া অসংঠিত ক্ষেত্রে শ্রমিক বা মজুরদেরও ভোটের দিন ছুটি দিতে হবে। জনপ্রতিনিধিত্ব আইনের ১৩৫ বি ধারা অনুযায়ী তাদের সেদিন ছুটি থাকলেও মজুরি দিতে হবে।
রাজীব সিনহা ‘সহযোগিতা’ করছেন, অভিষেকের জেলায় ফোর্স বাড়িয়ে দ্বিগুণ করলেন বিএসএফ কর্তা