
শেষ আপডেট: 2 May 2023 11:42
দ্য ওয়াল ব্যুরো: একুশের ভোটের ফল প্রকাশ হয়েছিল ২ মে। আগ্রাসী বিজেপিকে বাংলায় রুখে দেওয়ার আজ দু’বছর পূর্তি হল। এদিন সকালে টুইট করে বাংলার মানুষকে ‘মা-মাটি-মানুষ দিবসে’র অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারপর বিকেলে একটি ভিডিও বার্তায় মমতা স্পষ্ট সমস্ত বিরোধী উদ্দেশে বার্তা দিয়েছেন। তাঁর মতে, চব্বিশে সবাই একজোট (Opposition Unity) হলে নরেন্দ্র মোদীকে (Narendra Modi) হারানো (Defeat) অসম্ভব নয়।
সপ্তাহ খানেক আগে নবান্নে পৌঁছে মমতার সঙ্গে দেখা করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। সেদিনও মমতা জাতীয় স্তরে বিজেপি বিরোধী সার্বিক ঐক্যের কথা বলেছিলেন। এদিনও সেই একইভাবে সব দলকেই বার্তা দিতে চাইলেন দিদি।
পর্যবেক্ষকদের মতে, মমতা এদিন একুশের কথা টেনে সমস্ত অ-বিজেপি দলকে বার্তা দিতে চেয়েছেন এই যে, বাংলায় গোটা কেন্দ্রীয় সরকার তাদের শক্তি নিক্ষেপ করেছিল। তাও দাঁত ফোটাতে পারেনি। তাহলে সারা দেশে যদি মজবুত বিরোধী জোট হয় তাহলে বিজেপি হারতে বাধ্য। ইতিমধ্যেই তৃণমূলনেত্রী জানিয়ে দিয়েছেন, তাঁর ব্যক্তিগত কোনও ইগো নেই। কোনও সুপ্ত বাসনাও নেই। মূল লক্ষ্য কেন্দ্রের তখত থেকে বিজেপিকে হঠানো।
এ ব্যাপারে বিজেপির বক্তব্য খুবই স্পষ্ট। গেরুয়া শিবির বলেছে, উনিশের লোকসভা ভোটের আগেও মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে সবাইকে তুলে এনেছিলেন। তারপর কী হয়েছিল গোটা দেশ দেখেছে।
মমতা এদিন এও বলেন, মানি-মাসল-মাফিয়া শক্তির সঙ্গে দেশকে লড়তে হচ্ছে। প্রত্যয়ের সঙ্গেই মমতা এই ভিডিও বার্তার ক্যাপশনে লিখেছেন, ‘মানুষ জিতবে, দেশ জিতবে।’
গত একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশের ভোটের ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন, ‘আগামী লোকসভায় বিজেপি জিতবে না, জিতবে না, জিতবে না। কেন জিতবে না, কী অঙ্ক—সব এখন বলব না।’
তারপর সময় এগিয়েছে। গত এক-দেড় মাসে অবিজেপি আঞ্চলিক দলগুলির সঙ্গে মমতার সমন্বয় করার দৌত্যও তীব্র হয়েছে। এরমধ্যে অখিলেশ যাদব ও কুমারস্বামী এসে কালীঘাটের বাড়িতে দিদির সঙ্গে দেখা করে গিয়েছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সঙ্গেও ফোনে কথা হয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর। সেই প্রেক্ষাপটেই এদিন মমতা স্পষ্ট করে দিলেন চব্বিশে মোদীকে হারানোর অঙ্ক কী! তা হল একটাই—বিরোধীদের জোট। এবং তা যেন সিরিয়াস হয়।
মোদীর গলায় ঢোল, ভাষণে কংগ্রেসের মুণ্ডপাত, মেরুকরণে অস্ত্র বজরং দল, হনুমানও