দ্য ওয়াল ব্যুরো: শনিবার বিকেলে কলকাতা এবং সংলগ্ন এলাকায় ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে সেই পূর্বাভাস দিয়েছিল আলিপুর। সেই মতোই হাওয়া অফিস জানিয়েছে আগামী ২ থেকে ৩ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।
আবহাওয়া দফতর জানিয়েছে কলকাতা ছাড়াও বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এবং পুরুলিয়ার জেলায়। এই জেলাগুলোর বিক্ষিপ্ত অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যায়।
শনিবার সকাল থেকেই আকাশ রয়েছে আংশিক মেঘলা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অতিরিক্ত থাকায় গুমোট-ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৫৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।
আলিপুরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণের পাশাপাশি বৃষ্টি চলবে উত্তরেও। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং কালিম্পং—এই চার জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক ভাবে বেশি। অন্যদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলা যেমন ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছ।
আইএমডি জানিয়েছে এবছর নির্ধারিত সময় অর্থাৎ ১ জুন কেরলে ঢুকবে বর্ষা। অন্যান্য রাজ্যেও মৌসুমী বায়ু এবং বর্ষা প্রবেশ করবে নির্ধারিত সময়েই। আবহবিদদের অনুমান এটা প্রাক বর্ষার বৃষ্টি।