দ্য ওয়াল ব্যুরো: আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় আছড়ে পড়তে চলেছে কালবৈশাখী। হাওয়া অফিস জানিয়েছে, প্রায় ৫০ কিলোমিটার বেগে বইবে প্রবল ঝোড়ো হাওয়া। সঙ্গে বজ্রবিদ্যুৎসহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সোমবার পর্যন্ত কালবৈশাখীর পূর্বাভাস আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই মতোই এ দিন সন্ধে থেকেই দুর্যোগের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঝড়ের সতর্কতা জারি হয়েছে। এ ছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ঝড়বৃষ্টির প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং দুই চব্বিশ পরগণাতেও রয়েছে ঝড়বৃষ্টির সতর্কতা।
আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্তে জেরেই এই কালবৈশাখী হবে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে পারে দুর্যোগের পরিমাণ। মঙ্গলবারও বিকেলের দিকে ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
বৈশাখ মাস আসার আগেই প্রাক-কালবৈশাখীর দাপটে ইতিমধ্যেই বেশ কয়েকবার তছনছ হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। কলকাতা ছাড়াও বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সঙ্গে তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী। প্রভাব পড়েছিল উত্তরবঙ্গেও। এক ধাক্কায় কদিন পারদও নেমেছিল বেশ খানিকটা। পরিসংখ্যান অনুযায়ী ইতিমধ্যেই সাত থেকে আটটি কালবৈশাখীর তাণ্ডব দেখা গিয়েছে দক্ষিণবঙ্গে।