দ্য ওয়াল ব্যুরো: নির্দিষ্ট কয়েকটি নিয়ম মেনে ২৩ জুন খুলতে চলেছে তারাপীঠের মন্দির। ৯৩ দিন পর খুলছে এই মন্দির। কর্তৃপক্ষ জানিয়েছে গর্ভগৃহে এখনই ঢুকতে পারবেন না ভক্তরা। সামাজিক দূরত্ব বজায় রেখে পুজো দিতে হবে। করোনা মহামারী এখনও নিয়ন্ত্রণে না আসায় বাইরে থেকেই প্রতিমা দর্শন করতে হবে।
মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় শনিবার বলেন, “সমস্ত সেবাইতের সঙ্গে কথা বলে রথের দিনে মন্দির খোলার সিদ্ধান্ত হয়েছে।” রথ নিয়ে তাঁরা কোনও কথা না বললেও জানা গেছে এবছর তারামায়ের রথ বের হবে না। তারাপীঠের মন্দিরে আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে স্যানিটাইজার টানেল বসানো হয়েছে। কিছুদিন আগে মন্দির কর্তৃপক্ষ একথা জানিয়েছিল।
করোনার কারণে মন্দির বন্ধ রাখা হলেও নিত্যপুজো চালু ছিল বীরভূমের তারাপীঠে। তবে মন্দির খোলা ও রথযাত্রা নিয়ে সিদ্ধান্তে আসতে পারছিল না মন্দির কমিটি। শনিবার মন্দিরের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে রথের দিন দর্শনার্থীদের জন্য মন্দির খুলে দেওয়া হবে।
বীরভূমের বেশ কয়েকটি সতীপীঠ ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে। পয়লা জুন খোলা হয় নলহাটির নলাটেশ্বরী, সাঁইথিয়ার নন্দিকেশ্বরী, লাভপুরের ফুল্লরা এবং বোলপুরের কঙ্কালীতলা মন্দির। এই সব মন্দিরেও স্বাস্থ্যবিধি মেনে পুজো দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বক্রেশ্বরের মন্দির এখনও পর্যন্ত বন্ধ রয়েছে। তারাপীঠ এখনও বন্ধ থাকলেও তা খোলার সিদ্ধান্ত ঘোষণা করা হয়ে গেল শনিবার।
ধাপে লকডাউন শিথিল হওয়ার পরে আনলক পর্ব শুরু হয়। কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল ১ জুন থেকে খোলা যাবে ধর্মস্থান। ওই দিন থেকেই ধাপে ধাপে বিভিন্ন মন্দির খোলা শুরু হয়ে যায়। তবে তারাপীঠ মন্দিরে প্রতিদিন বিপুল জনসমাগম হয় বলে মন্দির খোলার আগে সব দিক খতিয়ে দেখছিল কর্তৃপক্ষ। গত ২০ মার্চ করোনা সতর্কতার পদক্ষেপ হিসাবে তারাপীঠ মন্দিরে পুণ্যার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়। প্রতিবছর পয়লা বৈশাখ হালখালার জন্য অসংখ্য মানুষ তারাপীঠে পুজো দিতে আসেন তবে বাংলা নববর্ষের প্রথম দিনও কোনও পুণ্যার্থীকে মন্দিরে ঢোকার অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। শুধুমাত্র সেবাইতরা মন্দির ঢুকছেন নিত্যপুজোর জন্য।
প্রচলিত কথা অনুযায়ী, পাল বংশের রাজাদের আমলে জয়দত্ত নামে এক সওদাগর স্বপ্নে জেনেছিলেন শ্বেত শিমূল গাছের তলায় পঞ্চমুণ্ডী আসনের নিচে দেবী তারার শিলামূর্তি রয়েছে। স্বপ্নাদেশ অনুযায়ী কোজাগরী লক্ষ্মীপুজোর আগে শুক্লাচতুর্দশী তিথিতে দেবীর সেই মূর্তি উদ্ধার করে তিনি মন্দিরে প্রতিষ্ঠা করেন।