শেষ আপডেট: 19 January 2020 09:14
নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে একমাসে বেশ কয়েকবার রাস্তায় নেমেছে তৃণমূল। মিছিলে হেঁটেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। একাধিক পদযাত্রায় সিএএ এবং এনআরসি-র বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। এবার সেই প্রতিবাদেই সামিল হলেন সাঁতারু মুকেশ গুপ্তা।
কয়েকদিন আগেই বেলুড়মঠে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূলের অভিযোগ, সেখান থেকে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রচার করেন তিনি। তাই অভিনব প্রতিবাদের জন্য বেলুড়মঠ এলাকাকেই বেছে নেওয়া হয়েছে। বেলুড়মঠের ঘাট থেকেই এদিন সাঁতার কাটতে শুরু করেন মুকেশ।
হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে মুকেশ যাত্রা শেষে করার সময় দেখা যায় জেটিতে ভিড় জমিয়েছেন অসংখ্য মানুষ। যোগ দিয়েছেন স্থানীয়রাও। কারও হাতে জাতীয় পতাকা। কেউবা ধরে রয়েছেন সিএএ এবং এনআরসি বিরোধী স্লোগান লেখা প্ল্যাকার্ড।