
শেষ আপডেট: 10 May 2019 16:38
গত তিন বছরে পর পর ছবিতে শুধু চরিত্রের নাম বদলে গিয়েছে। ‘চ্যাম্পে’ তিনি জয়া সান্যাল তো ‘ককপিটে’ কৃতী সচদেব কিংবা ‘কবীরে’ ইয়াসমিন খাতুন। মুখ সেই এক। মানুষটাও। রুক্মিনী মৈত্র। বিপরীতে হিরোও সেই এক এবং অদ্বিতীয়! দেব। ২০১৭ থেকে কোনও ছবিতেই রুক্মিনীকে হাত ছাড়া করেননি তিনি!
কিন্তু অনস্ক্রিন যাই হোক, অফস্ক্রিনে রাজনীতির ছায়াও রুক্মিনীর উপর পড়তে দিতে চান না ঘাটালের বিদায়ী সাংসদ তথা সেখানে এ বারও তৃণমূল প্রার্থী দীপক অধিকারী। দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে দেব অকপটে জানিয়ে দিলেন সে কথা।
ভোট প্রচারে দেব-এর চাহিদা নতুন নয়। এ বারও ঘাটালের পাশাপাশি আরও বেশ কিছু কেন্দ্রে প্রচারে যেতে হয়েছে তাঁকে। দেব-কে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি চান রুক্মিনী তাঁর প্রচারে আসুন?
এ ব্যাপারে পাকাপাকি সিদ্ধান্ত যে আগেই নেওয়া ঠাওর করা গেল ওঁর জবাবে। বললেন, “না না একদমই না, রুক্মিনীকে চাইছি না এই ময়দানে। রুক্মিনীকে চাই নিজের মতো করে বাঁচুক। ও অভিনয় করছে, সেটাই ভাল করে করুক। আমার মনে হয় না কি ও এতোটা চাপ নিতে পারবে”।
এমনিতে দেব-রুক্মিনী বরাবরই দাবি করেন তাঁরা পরস্পরের বন্ধু। যদিও টলিউডে যা গসিপ তা তো রয়েছেই। সে থাকুক। তবে রুক্মিনীর ব্যাপারে দেব যে কতটা কেয়ারিং তা বোঝা গেল স্পষ্ট। বললেন, “এই যে আপনি এতোগুলো প্রশ্ন করলেন, আমি হ্যান্ডেল করে নিলাম। ও পারবে না। তাই চাইছিও না ও রাজনীতিতে ময়দানে আসুক”।