Breaking: মেধাতালিকা প্রকাশ করুন, না হলে জেলে ভরব, এসএসসি সচিবকে হুঁশিয়ারি হাইকোর্টের
দ্য ওয়াল ব্যুরো: ফের হাইকোর্টে জোর ধাক্কা খেল স্কুল সার্ভিস কমিশন। নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ নিয়ে জট বজায় থাকল। হাইকোর্টের নির্দেশ, ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ করতে হবে নবম-দশম শ্রেণির মেধাতালিকা। নাহলে আদালত অবমাননার দায়ে জেলে যেতে হতে পারে
শেষ আপডেট: 28 January 2019 11:19
দ্য ওয়াল ব্যুরো: ফের হাইকোর্টে জোর ধাক্কা খেল স্কুল সার্ভিস কমিশন। নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ নিয়ে জট বজায় থাকল। হাইকোর্টের নির্দেশ, ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ করতে হবে নবম-দশম শ্রেণির মেধাতালিকা। নাহলে আদালত অবমাননার দায়ে জেলে যেতে হতে পারে এসএসসি'র সচিবকে।
সমস্যার সূত্রপাত ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের নবম-দশম শ্রেণির নিয়োগকে কেন্দ্র করে। এই পরীক্ষার ফল প্রকাশিত হয় ২০১৮ সালের মার্চ মাসে। কিছু পরীক্ষার্থী অভিযোগ করেন, নবম-দশম শ্রেণির মেধাতালিকা প্রকাশ না করে সরাসরি প্যানেল প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এই প্রক্রিয়া আইনত অবৈধ। এরপরেই মেধাতালিকা প্রকাশের দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হন কিছু পরীক্ষার্থী।
২০১৮ সালের সেপ্টেম্বর মাসে আদালতের তরফে জানানো হয়, পরীক্ষার্থীরা যে অভিযোগ করছেন, তা বৈধ। চার সপ্তাহের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে মেধাতালিকা প্রকাশ করার নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু তারপরেও তিন মাসের বেশি সময় কেটে গিয়েছে। অথচ প্রকাশ করা হয়নি কোনও মেধাতালিকা।
আদালতের নির্দেশের পরেও তা পালন না করায় স্কুল সার্ভিস কমিশনের সচিব অশোক সাহাকে তলব করা হয়। বিচারপতি রাজ শেখর মান্থার এজলাসে এ দিন হাজিরা দেন অশোক বাবু। সেখানেই ভরা এজলাসের সামনে বিচারপতি অশোক বাবুকে প্রশ্ন করেন, আদালতের নির্দেশের পরেও কেন মেধাতালিকা প্রকাশ করা হয়নি?
উত্তরে অশোকবাবু দাবি করেন, আদালতের নির্দেশ মেনে ইতিমধ্যেই মেধাতালিকা তিনি প্রকাশ করেছেন। কিন্তু স্কুল সার্ভিস কমিশনের সচিবের এই দাবি মানতে রাজি হননি মামলাকারীদের আইনজীবী আশিস কুমার চৌধুরী। তিনি বলেন, স্কুল সার্ভিস কমিশন যে তালিকা প্রকাশ করেছে সেটা মেধাতালিকা নয়, প্যানেল৷ তিনি আরও জানান এসএসসির তরফে আদালতের কাছে ভুল তথ্য পেশ করা হয়েছে।
এরপরেই ভরা এজলাসের সামনে এসএসসি সচিবকে ভর্ৎসনা করেন বিচারপতি। তিনি প্রশ্ন করেন, 'যদি স্কুল সার্ভিস কমিশন মেধাতালিকা প্রকাশ করেছে,তাহলে সেটা মামলাকারীদের জানানো হয়নি কেন।' বিচারপতি চৌধুরী সচিবকে নির্দেশ দেন, ২৪ ঘণ্টার মধ্যে মেধাতালিকা প্রকাশ করতে হবে। যদি তা না হয়, তাহলে আদালত অবমাননার দায়ে সচিবকে জেলে পাঠানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি।
যদিও এই নির্দেশের পরেও মামলাকারীদের একাংশের বক্তব্য, এরপরেও ঠিক কোনও না কোনওভাবে ফাঁক খুঁজে বের করবে কমিশন। শিক্ষক নিয়োগের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। দুর্নীতি যাতে বাইরে প্রকাশ না পায়, তার জন্যই মেধাতালিকা প্রকাশ করতে ভয় পাচ্ছে কমিশন।
https://www.four.suk.1wp.in/28-01-2019-news-west-bengal-ujjwal-pal-conquer-kilimanjaro/