জয়প্রকাশ নিগ্রহ কাণ্ডে গ্রেফতার ৪, এখনও অধরা ৫ অভিযুক্ত
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: করিমপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে ফেলে পেটানোর ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত গ্রেফতার করা হয়েছে চারজনকে। এখনও অধরা পাঁচ অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, ধৃতদের তেহট্ট আদালতে তোলা হবে। তবে অভিযুক্তদের নাম
শেষ আপডেট: 26 November 2019 07:19
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: করিমপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে ফেলে পেটানোর ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত গ্রেফতার করা হয়েছে চারজনকে। এখনও অধরা পাঁচ অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, ধৃতদের তেহট্ট আদালতে তোলা হবে। তবে অভিযুক্তদের নাম প্রকাশ করেনি পুলিশ। যে ব্যক্তি ঝোপের মধ্যে ফেলে জয়প্রকাশবাবুকে লাথি মেরেছিল, সেই তারিকুল শেখ গ্রেফতার হয়েছে কিনা সে প্রশ্নেরও জবাব দেয়নি পুলিশ। শুধু জানানো হয়েছে, বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
সোমবার বাংলার তিন কেন্দ্রের উপনির্বাচন ছিল। খড়্গপুর ও কালিয়াগঞ্জ তেমন উত্তেজনা না থাকলেও করিমপুর সকাল থেকেই উঠে আসে সংবাদ শিরোনামে। ভোট শুরুর আগে যখন বুথে বুথে মক পোল চলছে, তখনই খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায় তৃণমূল-বিজেপির মধ্যে। তারপর বেলা সাড়ে এগারোটা নাগাদ জয়প্রকাশবাবুর উপর হামলার ঘটনা ঘটে।
অভিযুক্তরা সকলেই তৃণমূলের কর্মী বলে অভিযোগ বিজেপির। শাসকদল অবশ্য বলছে, সবটাই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। জয়প্রকাশবাবুর উপর হামলার ঘটনায় অনেকেই প্রশ্ন তুলেছেন। বিজেপি নেতারা নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানিয়েছেন। প্রশ্ন উঠেছে, একটা নির্বাচনে যদি প্রার্থীরই এই অবস্থা হয়, তাহলে সাধারণ ভোটারদের নিরাপত্তা কোথায়। বিজেপি নেতা মুকুল রায় আবার বিস্ফোরক অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। সোমবার মুকুলবাবু বলেন, “নদিয়ার জেলাশাসক ও পুলিশ সুপারকে ফোন করে হুমকি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ফোন করে বলেছিলেন, সিট জেতাতে না পারলে তোমায় আমি দেখে নেব!” তাঁর আরও বক্তব্য, “যা হচ্ছে সব মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং নেতৃত্বে হচ্ছে!”
এখন দেখার ধৃতদের আদালতে তোলা হলে বিচারক কী নির্দেশ দেন। একইসঙ্গে এও দেখার, বাকি অভিযুক্তরা কবে ধরা পড়ে।