নিম্নচাপের গর্জন শুরু, দশমীর বেলায় মেঘলা আকাশ, বৃষ্টিতে ভিজছে কলকাতা
দ্য ওয়াল ব্যুরো: পূর্বাভাস ছিলই নবমী-দশমীতে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে (Rain)। নবমীর সন্ধেয় হালকা কয়েক পশলা বৃষ্টি আর বিদ্যুতের খানিক ঝলকানিই দেখা গেছে। আজ দশমীর বেলায় আকাশ মেঘলা করে বৃষ্টি নেমেছে কলকাতার বেশ কিছু জায়গায় (Weather Forecast)। তবে ভ
শেষ আপডেট: 15 October 2021 10:50
দ্য ওয়াল ব্যুরো: পূর্বাভাস ছিলই নবমী-দশমীতে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে (Rain)। নবমীর সন্ধেয় হালকা কয়েক পশলা বৃষ্টি আর বিদ্যুতের খানিক ঝলকানিই দেখা গেছে। আজ দশমীর বেলায় আকাশ মেঘলা করে বৃষ্টি নেমেছে কলকাতার বেশ কিছু জায়গায় (Weather Forecast)। তবে ভ্যাপসা গরমের অস্বস্তি যায়নি। মেঘলা আকাশ এবং গুমোট আবহাওয়ায় অস্বস্তি আরও বেড়েছে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের কারণেই এমন অবস্থা। কখনও শরতের রোদ ঝলমলে আকাশ, আবার পরক্ষণেই মেঘলা। মাঝেমধ্যে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে।
সপ্তমী থেকেই বর্ষা বিদায় নিয়েছে। মৌসুমী বায়ু তারও আগে উধাও হয়েছে। শুধুমাত্র বঙ্গোপসাগরে যে নিম্নচাপ রয়েছে তারই প্রভাবে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। হাওয়া অফিস জানাচ্ছে, জোড়া নিম্নচাপ তৈরি হয়েছে। বঙ্গোপসাগর ও আরব সাগরে দু'টি নিম্নচাপ রয়েছে। দক্ষিণ-পূর্ব আরব সাগরে রয়েছে একটি নিম্নচাপ। অন্য নিম্নচাপটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। সেটি ক্রমশ দক্ষিণ ওড়িশা ও অন্ধ্র উপকূলে পৌঁছবে। উপকূলের দিকে যত এগিয়ে আসবে ততই তার প্রভাব পড়বে গাঙ্গেয় বঙ্গে। এই নিম্নচাপের জেরে দশমী থেকে বৃষ্টির পূর্বাভাসও জারি হয়েছে।
হাওয়া অফিস সূত্রের খবর, পশ্চিমবঙ্গের উপর এই ৩.১ কিলোমিটার জুড়ে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া উত্তর আন্দামান সাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হবে রবিবার। ৪ থেকে ৫ দিনের মধ্যে তা ক্রমশ উত্তর পশ্চিমে এগিয়ে যাবে। এর সরাসরি প্রভাব পড়বে উপকূলবর্তী এলাকাগুলিতে। শনিবার থেকে বৃষ্টির তেজ বাড়বে। রবি ও সোমবার তুমুল বৃষ্টির সম্ভাবনা। ঝোড়ো হাওয়া বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। হাওয়া অফিস জানাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'