
শেষ আপডেট: 12 February 2023 11:51
দ্য ওয়াল ব্যুরো: এনসিসি, যোগব্যায়াম বা শরীরচর্চা--- স্কুলে নিয়মিত ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাংলার কিছু কিছু স্কুল থেকে সেই অভ্যাস বেমালুম উবে গেছে! কিন্তু কেন্দ্রীয় সরকার স্কুলে স্কুলে দেওয়া নির্দেশিকায় এনসিসি-র মতো গুরুত্বপূর্ণ ট্রেনিংগুলোতে জোর দেওয়ার কথা বলেছে। তবে বাস্তব চিত্রটা ভিন্ন। এই বিষয়ে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) এক মামলার পর্যবেক্ষণে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, কোনও স্কুলই উদ্দেশ্যপ্রণোদিতভাবে পড়ুয়াদের এনসিসি, যোগব্যায়াম বা শরীরচর্চার মতো বিষয়গুলি থেকে বঞ্চিত করতে পারবে না (NCC Compulsory in School)।
ঘটনাটা কী?
হুগলির ভদ্রেশ্বর হাইস্কুলে ২০০৮ সালে এনসিসির ট্রেনিং শুরু হয়। কিন্তু ২০১১ সালে বাংলায় সরকারে পালা বদলের পর থেকে যেন পাল্টে যায় এই স্কুলের কিছু নিয়ম। ২০১৪ সালে দিল্লির মসনদে মোদী সরকার এসে স্কুলে স্কুলে এনসিসি ও শরীরচর্চাকে বাধ্যতামূলক করে। সেই মর্মে রাজ্যে রাজ্যে নির্দেশিকাও পাঠায় কেন্দ্র সরকার।
কেন্দ্রের নির্দেশ মতো মমতা সরকারও স্কুলে স্কুলে এনসিসি, যোগব্যায়াম বা শরীরচর্চার মতো বিষয়গুলি চালিয়ে যাওয়ার কথা বলে। স্বাস্থ্য সচেতনতাইয় জোর দেওয়ার পরামর্শও দেওয়া হয়। রাজ্যের অন্যান্য স্কুলে তা মানা হলেও 'ভদ্রেশ্বর হাইস্কুল'-এ চলতে থাকে অন্য ধারা। অভিযোগ, স্কুল পরিচালন কমিটি জানিয়ে দেয়, স্কুলে কোনও এনসিসি হবে না!
শুধু হুগলির এই স্কুল নয়, কেন্দ্রের এই ফরমান মানতে নারাজ রাজ্যের আরও বেশ কয়েকটি স্কুল। ২০১৬ সাল থেকে ভদ্রেশ্বর হাইস্কুলে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এনসিসির ট্রেনিং। স্কুলের শিক্ষক দিব্যেন্দু বিশ্বাস বারবার কর্তৃপক্ষ ও জেলা স্কুল পরিদর্শককে বিষয়টা জানিয়েও কোনও সদুত্তর পাননি।
মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। দিব্যেন্দু বিশ্বাসই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে মামলা করেন। বিচারপতি অনিরুদ্ধ রায়ের এজলাসে এই মামলার শুনানি শুরু হয়। মামলাকারী পক্ষের আইনজীবী আশিস চৌধুরী আদালতে জানান, স্কুল কর্তৃপক্ষ এভাবে এনসিসি ট্রেনিং বন্ধ করে দিয়ে পড়ুয়াদের প্রতি অবিচার করছে। তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।
এই মামলার শুনানিতেই বিচারপতি স্কুল পরিচালন কমিটির সভাপতিকে আদালতে ডেকে পাঠান। কিন্তু হাইকোর্টের নির্দেশের পরেও টনক নড়েনি তাঁর। আদালতে হাজিরা না দেওয়ায় এবার আরও কড়া ব্যবস্থা নিলেন বিচারপতি। হুগলি জেলার ডিআইকে অবিলম্বে ওই স্কুলে এনসিসি চালু করার নির্দেশ দিল হাইকোর্ট।
গ্রুপ ডি-র শূন্যপদে নিয়োগ শিগগির! বাতিলদের জায়গায় কারা? তালিকা প্রকাশ করল কমিশন