
শেষ আপডেট: 28 August 2023 15:46
দ্য ওয়াল ব্যুরো: দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে হত এবং আহত নাবালকদের বিস্তারিত তথ্য চেয়ে রাজ্যের রিপোর্ট তলব করল জাতীয় শিশু সুরক্ষা কমিশন (National Child Rights Commission)। আগামী তিনদিনের মধ্যে রাজ্যকে (Nabanna) এবিষয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার সকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে দত্তপুকুরের নীলগঞ্জ। সামনে আসে বেআইনি বাজি কারখানার খবর। সরকারি হিসেব অনুযায়ী, বিস্ফোরণে ৯জন মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রয়েছে নাবালক রনি শেখও (১৬)। রনি ছাড়া এই বিস্ফোরণে আরও কোনও নাবালকের মৃত্যু কিংবা আহত হয়েছে কি না, হয়ে থাকলে সরকারিভাবে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চাওয়া হয়েছে কমিশনের তরফে।
সোমবার দুপুরে দত্তপুকুরের অকুস্থলে পৌঁছেছিল জাতীয় শিশু সুরক্ষা কমিশন। সেখানে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তাঁরা। গ্রামবাসীরা তাঁদের কাছে অভিযোগ করেন, বারংবার পুলিশকে জানানো সত্ত্বেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি। সেকারণেই এমন ভয়াবহ ঘটনা। এরপরই রাজ্যের কাছে বিস্ফোরণ কাণ্ডের পুঙ্খানপুঙ্খ তথ্য তলব করেছে কমিশন।
বস্তুত, এদিন দলের ছাত্র সংগঠনের এক অনুষ্ঠান থেকে নীচুতলার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রীও। তিনি বলেন, “কেউ কেউ বেআইনি কাজ করছেন এবং পুলিশ সেটা চোখ বুজে দেখছে”। মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের কিছু পরেই দত্তপুকুরের ওসি এবং আইসিকে সাসপেন্ড করেছে রাজ্য।
আরও পড়ুন: যাদবপুরে নতুন উপাচার্য ঘেরাও, সিসিটিভি বসানোর কাগজ কই? প্রশ্ন পড়ুয়াদের!