
শেষ আপডেট: 2 May 2023 09:41
দ্য ওয়াল ব্যুরো: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এখনও রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভূমিকা নিয়ে সন্তুষ্ট নন। কিন্তু তাঁর ভাই তথা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী এবার আইনশৃঙ্খলা প্রশ্নে সেই রাজ্যপালেরই হস্তক্ষেপ দাবি করলেন। এই মর্মে এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি লিখেছেন তিনি (MP Dibyendu Adhikari writes a letter to Governor CV Ananda Bose)।
দিব্যেন্দু রাজ্যপালকে লেখা চিঠিতে দাবি করেছেন, তাঁর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ময়না, নন্দীগ্রাম, খেজুরি, হেড়িয়া, ভগবানপুর, পটাশপুরের মতো এলাকায় আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। শুধু তাই নয়। পাশের কেন্দ্র কাঁথির বিভিন্ন এলাকাতেও একই অবস্থা বলে দাবি করেছেন দিব্যেন্দু।
মঙ্গলবার সকালেই ময়নায় এক বিজেপি কর্মীকে অপহরণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। এদিন সকালে ময়না থানা এলাকার বাকচায় রাস্তা থেকে বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়ার দেহ উদ্ধার হয়। মাথায় ভারী কিছু দিয়ে মেরে তাঁকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। সোমবার সন্ধ্যা ৬ টা নাগাদ ময়না থানার বাকচা অঞ্চলের গোড়ামোহল এলাকার বুথ সভাপতি বিজয় ভুঁইয়াকে অপহরণ করা হয় বলে বিজেপির অভিযোগ গেরুয়া শিবিরের।
ময়নার ওই ঘটনা নিয়ে তেড়েফুঁড়ে নেমেছে বিজেপি। শুভেন্দু অকুস্থলে পৌঁছে হুঙ্কার দিয়েছেন, সব ঠান্ডা করে ছাড়ব। তাছাড়া বুধবার ময়নায় ১২ ঘণ্টা বনধেরও ডাক দিয়েছে বিজেপি। দেখা গেল তারপরেই রাজ্যপালকে আইনশৃঙ্খলা প্রশ্নে চিঠি লিখলেন দিব্যেন্দু।
চিঠিতে দিব্যেন্দু এও উল্লেখ করেছেন, সামনেই পঞ্চায়েত ভোট। তার আগেই তাঁর লোকসভা কেন্দ্র ও লাগোয়া এলাকায় আইনশৃঙ্খলার এই অবস্থা। তাই রাজ্যের সাংবিধানিক প্রধান হিসাবে তিনি পদক্ষেপ করেন।
ময়নার ঘটনা নিয়ে এখনও রাজভবন কোনও বিবৃতি দেয়নি বা রিপোর্ট চেয়ে পাঠায়নি। তবে অনেকের মতে, শুভেন্দু যখন রাস্তায় নেমে এনিয়ে আন্দোলনে ঝাঁঝ বাড়াচ্ছেন তখন দিব্যেন্দু আইনশৃঙ্খলা পরিস্থিতি রাজ্যপালের গোচরে আনতে চাইলেন। এখন দেখার রাজ্যপাল এরপর কোনও প্রতিক্রিয়া দেন কি না!
বিজেপির বুথ সভাপতি খুনের প্রতিবাদে ময়নায় বুধবার বনধের ডাক, সিবিআই তদন্ত চাইলেন শুভেন্দু