
শেষ আপডেট: 17 May 2023 12:59
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: জেলায় সদ্য শেষ হয়েছে অভিষেকের (Abhishek Banerjee) নবজোয়ার কর্মসূচি। আর তা শেষ হতে না হতেই শুরু হয়েছে তৃণমূলে ভাঙন (members are leaving TMC)। ধুপগুড়ির পর এবার জলপাইগুড়িতে (Jalpaiguri) বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রধান। মঙ্গলবারই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন জলপাইগুড়ি সদর ব্লকের ২ নম্বর খারিজা বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান ডালটন রায়। মঙ্গলবার রাতে বিজেপি জেলা কার্যালয়ে জেলা সভাপতি বাপি গোস্বামী ডালটন-সহ তাঁর অনুগামীদের হাতে দলের পতাকা তুলে দিলেন।
বিজেপির টিকিটে গত পঞ্চায়েত ভোটে জয়ী হয়েছিলেন ডালটন রায়। ২০২১ সালে ডালটন রায়-সহ আরও কয়েকজন তৃণমূলে যোগ দেন। তারপরেই গ্রামপঞ্চায়েতের প্রধান হন। মঙ্গলবার তিনিই আবার প্রায় শতাধিক পরিবারকে সঙ্গে নিয়ে বিজেপিতে যোগ দিলেন। ঘটনায় শোরগোল পড়েছে জলপাইগুড়ির রাজনৈতিক মহলে। ডালটন বলেন, “আমি আগে বিজেপি ছিলাম। গত পঞ্চায়েত ভোটে বিজেপির টিকিটে জিতেছিলাম। পরে তৃণমূলে যোগ দেই। কিন্তু তৃণমূলের যা গোষ্ঠীদ্বন্দ্ব, সেখানে কাজ করা যায় না। এই কারণে বিজেপিতে ফিরে এলাম।”
বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, “শুধু তৃণমূল নয়, কংগ্রেস ও বামফ্রন্টেও ভাঙন অব্যাহত। ধুপগুড়ি থেকে শুরু হয়েছে এই ভাঙন। এরপর জেলা জুড়ে বিজেপিতে যোগদান করছেন বিভিন্ন দলের নেতা কর্মীরা। ২ নম্বর খারিজা বেরুবাড়ি গ্রামপঞ্চায়েতের প্রধান ডালটন রায়ও একশে পরিবার নিয়ে যোগ দিলেন।”
জলপাইগুড়ি জেলাপরিষদের সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ বলেন, “তৃণমূল দলের নীতি আদর্শ রয়েছে। সেই নীতি আদর্শের উপরে কেউ নয়। ওঁকে দলবিরোধী কাজের জন্য সতর্ক করা হয়েছিল। আজ উনি বিজেপিতে যোগদান করলেন। এতে তৃণমূলের কিছু যায় আসে না। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ওই গ্রামপঞ্চায়েতে তৃণমূল প্রচুর ভোটে জিতবে।”
সন্তান চাই, জেল থেকে মুক্তি দেওয়া হোক স্বামীকে, কারা কর্তৃপক্ষের কাছে আর্জি স্ত্রীর