
শেষ আপডেট: 27 April 2023 14:07
দ্য ওয়াল ব্যুরো: মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ (Madhyamik Exam 2023 Result out) হবে কবে? মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে ফল প্রকাশ হতে পারে মাধ্যমিকের। অবশ্য কোন তারিখে রেজাল্ট বেরোবে সে নিয়ে সরকারিভাবে কোনও বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি পর্ষদের তরফে।
মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে বলা হয়েছে, মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2023) সব খাতা অর্থাৎ উত্তরপত্র মূল্যায়নের কাজ শেষ হয়ে গিয়েছে। খাতা জমা পড়ার পর পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের ট্যাবুলেশনও হয়ে গিয়েছে। এখন চূড়ান্ত রেজাল্ট তৈরির কাজ চলছে। পাশাপাশি, যেসব পরীক্ষার্থীর উত্তরপত্র মূল্যায়ন নিয়ে সংশয় দেখা দিয়েছে, সেইসব উত্তরপত্র আবার করে মূল্যায়নের কাজ চলছে। সেই কাজও প্রায় শেষ পর্যায়ে বলে পর্ষদ সূত্রে খবর।
তবে জানা গিয়েছে, ফল প্রকাশের ব্যাপারে চূড়ান্ত তারিখের প্রস্তাব দিয়ে তা ইতিমধ্যে শিক্ষা দফতরে পাঠানো হয়েছে। সম্ভবত সেই তারিখ ফেলা হয়েছে মে মাসের তৃতীয় সপ্তাহে। সব ঠিক থাকলে মে মাসের ২০ তারিখের আশপাশে প্রকাশিত হবে মাধ্যমিকের রেজাল্ট।
মাধ্যমিকের ফল প্রকাশের পাশাপাশি উচ্চ মাধ্যমিকের খাতা দেখার কাজও জোরকদমে চলছে। সেই ফল ঘোষণা করতেও সংসদ বেশি সময় নেবে না বলে শিক্ষা দফতর সূত্রে খবর।
বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণে কি এবার শিক্ষা কমিশন? পরিকল্পনা রাজ্যের