
শেষ আপডেট: 22 February 2023 09:09
দ্য ওয়াল ব্যুরো: হাইকোর্টে একাধিক বিচারপতির এজলাসে চলছে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ-- গুচ্ছ গুচ্ছ মামলা চলছে, আর এইসব মামলার শুনানিতে উঠে আসছে বিচারপতিদের নানান মন্তব্য বা পর্যবেক্ষণ। যা হাইকোর্ট চত্বরে তো বটেই রাজ্য রাজনীতিতেও আলোচিত বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তেমনই এক মামলার শুনানিতে বুধবার বিচারপতি বিশ্বজিৎ বসু (Justice Biswajit Basu) ফের টেনে আনলেন 'দস্যু রত্নাকর-বাল্মীকি' প্রসঙ্গ।
দিন কয়েক আগেই নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় বিচারপতি বসু স্কুল সার্ভিস কমিশনকে 'রত্নাকর থেকে বাল্মীকি' হয়ে ওঠার পরামর্শ দিয়েছিলেন। বুধবার সেই একই মামলার শুনানিতে বিচারপতি বসু কমিশনকে বলেন, 'আপনি এখন বাল্মীকি, দেখবেন যেন ফের রত্নাকর হয়ে না যান।'
প্রসঙ্গত, নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় ৯৫২ জনের বিরুদ্ধে ওএমআর শিট বিকৃত করে অসাধু উপায়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল। সেই মামলায় ৯৫২ জনের মধ্যে ৮০৫ জনকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেয় আদালত। সেই মতো সুপারিশপত্র বাতিলের কাজ শুরু করেছে কমিশন।
এদিকে অভিযুক্ত শিক্ষকরা সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ছুটেছেন। যদিও ডিভিশন বেঞ্চ এব্যাপারে এখনই কোনও নির্দেশ দেয়নি। বুধবার সেই ৯৫২ জনের নিয়োগ সংক্রান্ত মামলায় বিচারপতি বসু কমিশনকে 'বাল্মীকি' হয়ে উঠতে বলেন।
তিনি বলেন, 'দস্যু রত্নাকর বাল্মীকি হয়েছিলেন, কিন্তু বাল্মীকি যদি রত্নাকর হয় তাহলে বিপদ।' বিচারপতি বসু কমিশনকে উদ্দেশ্য করে আরও বলেন, 'একবার যে রত্নাকর থেকে বাল্মীকি হবে, সে আর রত্নাকরের রূপে ফেরত যাবে না।' কমিশনের পাশাপাশি 'অযোগ্য' শিক্ষকদের উদ্দেশ্যে মন্তব্য করেন, 'এই দুর্নীতিতে আপনাদের ভূমিকা ঠিক কী, সেটা ভেবে দেখুন। আগামী ১ মার্চ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
নওসাদ এতদিন জেলে থাকার মতো কিছু করেননি: স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়