
শেষ আপডেট: 29 March 2023 16:46
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে (Jitendra Tiwari) ভর্তি করা হল আসানসোল জেলা হাসপাতালে (Asansol Hospital)। বুধবার বিকেলে জেলেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আসানসোলের প্রাক্তন মেয়র। বুকে ব্যথা অনুভব করেন তিনি। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় জেলের হাসপাতালে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল সূত্রে খবর, আইসিইউতে ভর্তি করা হয়েছে জিতেন্দ্রকে।
আসানসোলের কম্বলকাণ্ডে নয়ডা থেকে গ্রেফতার হন জিতেন্দ্র। তারপর তাঁকে আনা হয় আসানসোলে। ৯ দিনের পুলিশ হেফাজতে পর জিতেন্দ্রকে আদালতে তোলা হলে বিচারক, তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। সেই থেকেই আসানসোল জেলই তাঁর ঠিকানা।
জেল সূত্রে খবর, এদিন বিকেলের পর বুকে ব্যথা শুরু হয় জিতেন্দ্রর। প্রাথমিক চিকিৎসার পর জেল কর্তৃপক্ষ কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে আসানসোল জেলা হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন। সেইমতো সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়।
প্রথমে তাঁকে জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে তাঁকে পরীক্ষা করেন চিকিৎসকরা। দু'তিনজন চিকিৎসক চিকিৎসা করার পর সিদ্ধান্ত নেন আইসিইউতে ভর্তি করানোর। রাত আটটা নাগাদ তাঁকে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। সেখানেই বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁর পরীক্ষা করে পরের নির্দেশ দেবেন।
রাম নবমী করো, কিন্তু মুসলিম এলাকায় হামলা করলে ছেড়ে কথা নয়: মমতা