তিয়াষ মুখোপাধ্যায়: আইএসসি পরীক্ষায় ৯৯.৫০ শতাংশ নম্বর পেয়ে সারা দেশের মধ্যে প্রথম হয়ে সকলকে চমকে দিয়েছে পানিহাটি সেন্ট জ়েভিয়ার্স ইনস্টিটিউটের কৌশিকী দাশগুপ্ত চৌধুরী।
সোদপুর নাটাগড়ের বাসিন্দা কৌশিকী হেসে বলছে, “প্রথম হওয়ার কথা তো কেউ আগে থেকে ভাবে না, হয়ে যায়।” কৌশিকীও ফলের আশা না করে, চেষ্টা করেছে সাধ্যমতো। সেই আত্মবিশ্বাস থেকেই কৌশিকী জানাল, ভাল রেজ়াল্ট আশা করেছিল সে। ভেবেছিল, হয়তো স্ট্যান্ডও করবে। কিন্তু দেশের মধ্যে প্রথম হওয়াটা সত্যিই অনেকটা উপরি পাওনা।
কৌশিকীর স্কুল, পানিহাটি সেন্ট জ়েভিয়ার্সের প্রিন্সিপাল লিপিকা ঘোষ বলছেন, “আমরা স্বভাবতই ভীষণ খুশি। তবে এই খুশির স্বাদ যে এই প্রথম বার পেলাম, তা নয়। এর আগেও আমাদের স্কুল থেকে টপার হয়েছে ছেলেমেয়েরা।”
কৌশিকীর প্রিয় বিষয় কেমিস্ট্রি। ডাক্তারি-ইঞ্জিনিয়ারিংয়ের সব ক’টা প্রবেশিকা পরীক্ষা দিলেও, কেমিস্ট্রি নিয়েই পড়তে চায় সে। কৌশিকীর মা জয়ন্তী দাশগুপ্ত চৌধুরীও বলছেন, “ও যা পড়তে চাইবে, সেটাই ভাল হবে। কোনও কিছু চাপিয়ে দিতে চাই না।” এনআরএস হাসপাতালের নার্সিং স্টাফ জয়ন্তী জানালেন, মেয়ে যখন দশম শ্রেণির পরীক্ষায় সারা রাজ্যে পঞ্চম হয়েছিল, তখনই আনন্দ সীমা ছাড়িয়ে গিয়েছিল। আশাও বেড়েছিল। সে আশা এতটা পূরণ হবে, ভাবেননি কখনও।
সূত্রের খবর, একই নম্বর পেয়ে সারা দেশ থেকে প্রথম হয়েছে সাত জন। তার মধ্যেই রয়েছে সোদপুরের কৌশিকী।