
শেষ আপডেট: 12 August 2023 13:43
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: উত্তরপাড়া থেকে গ্রেফতার করা হল মহারাষ্ট্রের সোনা পাচারকারীকে (illegal gold smuggler)। উদ্ধার করা হয়েছে একশো দশ গ্রাম সোনা ও নগদ ১৪ লক্ষ টাকা।
আসল সোনার সঙ্গে খাদ মিশিয়ে তৈরি হত নকল সোনার বার। সূত্র মারফত বেআইনি এই কারবারের খোঁজ পেতেই শুক্রবার রাতে তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয় সোনা ও নগদ টাকা।
পুলিশ জানিয়েছে, উত্তরপাড়া পুরসভার পাশে একটি আবাসনের তিনতলায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকত মহারাষ্ট্রের সাঙলি জেলার বাসিন্দা সৌরভ রামেশ্বর ও তার ভাই সুশাত মহেশ্বর। দুজন কর্মচারী ছিল তাদের। সৌরভের স্ত্রী সানিকা মোরে বলেন, “আমার স্বামী ও দেওর উত্তরপাড়ায় থাকত। আমি দিন কুড়ি আগে এসেছি। সোনা গলানোর কারবার ওদের অনেক দিনের। পুলিশ এসে আমার স্বামী আর দেওরকে ধরে নিয়ে যায়। ফ্ল্যাটে কিছুই পাওয়া যায়নি।”
মহারাষ্ট্রের চারজন-সহ মোট ছজনকে এদিন শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। ধৃতদের ছ’দিনের হেফাজতে নেয় উত্তরপাড়া থানার পুলিশ। চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, বেআইনি সোনার কারবার করত অভিযুক্তরা। এই কারবারে আর কারা রয়েছে তা দেখা হচ্ছে।
গান বাঁধা শুরু, প্রচারে খামতি রাখতে নারাজ ধূপগুড়ির জোটপ্রার্থী